শত ভাষার ঝরনাধারা
একটু কান পাতলেই শোনা যায় হিন্দি, উর্দু, ফারসি, পশতু কিংবা ভিয়েতনামি ভাষার কথাবার্তা। বিচিত্র পৃথিবীর বহু জাতির মানুষের ভাষা যেন এখানে একটি স্রোতধারায় বয়ে যাচ্ছে। ভাষাবৈচিত্র্যের ঝরনাধারার কলকল ধ্বনিতে সব সময় মুখর থাকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাস।বিশ্ববিদ্যালয়ের বহু ভাষাভাষীর ছাত্রীরা একসঙ্গে লেখাপড়া করছেন, থাকছেন। ভাষা ও সংস্কৃতির ব্যবধান সত্ত্বেও নিবিড় বন্ধুত্ব গড়ে তুলতে কোনো সমস্যা হয়নি। ভাষার মাস ফেব্রুয়ারি। এখানকার অনেক বিদেশি ছাত্রীই এখন একুশে ফেব্রুয়ারির কথা জানেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন দেখেছেন এ শহরে এসে। অনেকেই বাঙালিদের ভাষার জন্য আত্মত্যাগের বিষয়টি নিয়ে গর্বও করেন। নিজের ভাষার প্রতি ভালোবাসাও তাঁদের প্রবল। সম্প্রতি এখানকার কয়েকজন ছাত্রীর একুশ, মাতৃভাষা আর ভাষার সংকট নিয়ে আড্ডা জমে ওঠে।বাংলাদেশি ছাত্রী সোহানা হক জানান, বাংলা এমন একটি ভাষা, যে ভাষায় মনের প্রতিটি অনুভূতি প্রকাশ করা যায়। বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় তিনি গর্ববোধও করেন।শ্রীলঙ্কার সিংহলি ভাষার ছাত্রী মেনেসা গুনেসেকারা তাঁর মায়ের ভাষা নিয়ে গর্ব করেন। মেনেসা জানান, তাঁর ভাষা ২০ হাজার বছরের পুরোনো। পৃথিবীর অন্যতম প্রাচীন এই ভাষার শিল্পসাহিত্যের ভান্ডারও বেশ সমৃদ্ধ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনে নিজের ভাষার প্রতি তিনি শ্রদ্ধা জানান।একই দেশের তামিল ছাত্রী সুগান্থা পারামান্থামও তাঁর ভাষা তামিলকে প্রাচীনতম ভাষা বলে দাবি করেন। তিনি জানান, এখানে পড়তে আসার আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানতেন না। এ ধরনের দিবস বিশ্বজুড়ে পালিত হওয়া উচিত বলে তিনি মনে করেন।আফগানকন্যা জাহরা সাইফির ভাষা ফারসি। নিজের ভাষাকে সমৃদ্ধ ও খুব মধুর বলে মনে করেন তিনি। ইংরেজি জানলেও সাইফি ফারসিতে কথা বলেই সুখ পান। তাঁর মতে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বজুড়ে আরও ঘটা করে পালন করা উচিত। ভিয়েতনামের মেয়ে থিয়েন থি বাও হোর মতে, তাঁর ভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। কারণ, এ ভাষার উচ্চারণের ধরনের ওপর ভিত্তি করে বক্তাদের মধ্যকার সম্পর্ক কী, সেটা বোঝা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে থিয়েনের ভাষ্য, এই দিনটিতে যাঁরা ভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর দিন।পাকিস্তানের ছাত্রী মেহের জাবিন তাঁর ভাষা উর্দু নিয়ে গর্বিত। এ ভাষাই তাঁর পরিচয়। মেহের বলেন, ‘বাঙালিরা প্রমাণ করেছে কোনো মূল্যেই নিজের পরিচয় বিসর্জন দেওয়া যাবে না, প্রয়োজনে লড়তে হবে।’ভুটানের মেয়ে তানডিয়ান জাংমোর ভাষা ঝোংঘা। ভাষাই একটি জাতির সত্যিকারের পরিচয় বলে মনে করেন তানডিয়ান। তানডিয়ান জানান, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালিরা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। এমন ঘটনা বিশ্বের আর কোথাও ঘটেনি।পার্শ্ববর্তী দেশ ভারতের ছাত্রী রোজি বাসুমাতারি মনে করেন, ভাষার সঙ্গে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। তাই শুধু জাতীয় ভাষা নয়, আঞ্চলিক ভাষাকেও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তিনি তাঁর ভাষা হিন্দির বহুল প্রচারে আনন্দিত হলেও প্রত্যেককে নিজ ভাষা চর্চার আহ্বান জানান।