শতকণ্ঠে যুক্তির জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে আশাজাগানিয়া বার্তা—বিশ্বের ১০ জন নেতার বিখ্যাত উক্তি। ‘একজন নেতা বদলে দিতে পারে একটি জাতিকে’ শিরোনামের ভিডিও চিত্রের মাধ্যমে জ্বলল আশার আলো। ভিডিও চিত্রের পর জাতীয় সংগীত। এরপর খুদে বন্ধুদের নাচ। উদ্বোধনী পর্বেই জমে যায় অনুষ্ঠান।
‘আজ হাতে হাত মিললে, বাধার দরজা খুলবেই’—এই স্লোগানে অনুষ্ঠিত ফ্রেশ-দৃষ্টি ষষ্ঠ বিতর্ক উৎসবের দুই দিনই ছিল জমজমাট। শতকণ্ঠে যুক্তির জয়গান গেয়েছেন তরুণেরা। ২৩ ও ২৪ মার্চ নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বসে এই আসর। উৎসব উদ্বোধন করেন উপস্থাপক আবদুন নূর তুষার ও মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল।
দুই দিনের অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি ও বর্তমান তরুণ প্রজন্মের সামগ্রিক কর্মকাণ্ড আমাদের আশাবাদী করে তুলছে। তরুণদের মাদক ও জঙ্গিবাদের রাহুগ্রাস থেকে দূরে রাখার জন্য উদ্যোগী হতে হবে আমাদের সবাকেই।
উদ্বোধনী দিনের শুরু হয় রম্য বিতর্ক দিয়ে—‘ভালোবাসা, সে তো মরীচিকা সবই মিডিয়ার সৃষ্টি’। এতে সভাপতিত্ব করেন আবদুন নূর তুষার। অংশ নেন ওমর কায়সার, সুকান্ত ভট্টাচার্য, মিলি চৌধুরী, শুভ্রা বিশ্বাস, সাবিরা সুলতানা ও শায়লা শারমিন। এরপর চলে আঞ্চলিক বিতর্ক। চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদের সভাপতিত্বে এ বিতর্কে অংশ নেন সাফকাত আমিন, আহমেদ রেজা, রায়হান শাকিল, কফিল উদ্দীন চৌধুরী, এহসান উদ্দিন সৌরভ, কাজী আরফাত। এ ছাড়া প্রথম দিন মানবাধিকার সংগঠক সাইফুল আলম খানের সভাপতিত্বে ছিল সনাতনী বিতর্কও।
সমাপনী দিনের শুরুতে দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহুরুল ইসলামের সভাপতিত্বে বারোয়ারি বিতর্কে অংশ নেন চট্টগ্রামের কলেজ পর্যায়ের সেরা ছয়জন বিতার্কিক। বিষয় ছিল ‘এই সংসদ বিশ্বাস করে, চট্টগ্রাম সত্যিকার অর্থে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মর্যাদা পায়নি’। সংসদীয় এই বিতর্কে অংশ নেন আবদুল্লাহ মোহাম্মদ শুকরানা, তৌহিদ হোসেন, খন্দকার হাসানুল, সাবের শাহ, সাইফুদ্দিন মুন্না ও জুনায়েদ কৌশিক চৌধুরী। এ ছাড়া ছিল জুটি, প্ল্যানচেট ও ইংরেজি বিতর্ক। এতে অংশ নেন প্রাক্তন ও বর্তমান বিতার্কিকেরা।
দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিল পলিসি বিতর্ক। বিষয় ছিল ‘আগামীর বাংলাদেশ ও তারুণ্যের নেতৃত্ব: শিক্ষা ও কর্মসংস্থান’। এতে অংশ নেন অর্থনীতিবিদ বিরূপাÿ পাল, একাত্তর টেলিভিশনের নির্বাহী পরিচালক মোজাম্মেল বাবু, ব্যবসায়ী এস এম আবু তৈয়ব, গীতিকার আসিফ ইকবাল ও উপস্থাপক আব্দুন নূর তুষার। এতে সভাপতিত্ব করেন সাহিত্যিক আলম খোরশেদ।
উৎসবের সমাপনী দিনে দৃষ্টি চট্টগ্রামের ২৫ বছরের পথচলায় সহযাত্রী হিসেবে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী, বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। বক্তব্য দেন দৃষ্টির সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ প্রমুখ। উৎসবে চট্টগ্রামের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী অংশ নেয়।