শততম মঞ্চায়নে 'বুড় সালিকের ঘাড়ে রোঁ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্য দলের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউটে মঞ্চস্থ হয় বুড় সালিকের ঘাড়ে রোঁ
তির্যক নাট্য দলের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউটে মঞ্চস্থ হয় বুড় সালিকের ঘাড়ে রোঁ

জোতদার ভক্তপ্রসাদ একাধারে লম্পট, কৃপণ ও নিষ্ঠুর। কৃষক-রায়তদের শোষণ করে অঢেল অর্থ ও সম্পদের মালিক হয়েছে সে। ভক্তপ্রসাদের ধর্মে ভক্তিও নিছক লোক দেখানো। ভণ্ড এই সমাজপতিকে জব্দ করার উপায় কী? ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’—প্রহসনে মাইকেল মধুসূদন দত্ত সে উপায়েরই সন্ধান দিয়েছেন। কালজয়ী এই প্রহসনের শততম মঞ্চায়নে মাইকেলের সাহিত্য প্রতিভার সঙ্গে আরেকবার সাক্ষাৎ ঘটল দর্শকের। আর শততম মঞ্চায়নের মাধ্যমে এই প্রহসনকে অন্য এই উচ্চতায় নিয়ে গেল তির্যক নাট্যদল।
‘নাট্যভাষা বাংলা আমার’ শিরোনামে তির্যকের তিন দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মঞ্চে (টিআইসি) মঞ্চায়ন হয় এই প্রহসনের। মঞ্চায়নের আগে টিআইসিতে মাইকেলের এই অমর সৃষ্টি নিয়ে ছিল আলোচনা পর্ব। নাটকটির নির্দেশক আহমেদ ইকবাল হায়দার ও অভিনেতা সুজিত চত্রবর্তী অংশ নিয়েছেন এর প্রতিটি মঞ্চায়নে। এ কারণে এই দিন তাঁদের বিশেষভাবে সম্মাননা জানান নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী। নাটকের আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক লায়লা জামান ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। সন্ধ্যা ছয়টায় টিআইসির মূল মঞ্চে দর্শক উপভোগ করেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাংলার সমাজচিত্রের এই আখ্যান। সময়ের চাকা সামনের দিকে এগিয়ে গেলেও ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ যে আজও প্রাসঙ্গিক, সে উপলব্ধি সঞ্চারিত হয় দর্শকদের মধ্যে। নাটকে অভিনয় করেছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহাববুল ইসলাম, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, এ কে এম ইসমাইল, লাবনী বিশ্বাস, রোকসানা আক্তার, তন্বী চৌধুরী, মফিজুর রহমান, কাবেরী গুহ, জয়া বড়ুয়া, মানিক মিয়া, মোহাম্মদ জসিমউদ্দিন ও আহমেদ ইকবাল হায়দার।
এর আগের দিন ১৯ ফব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় নগরের টিআইসিতে পর্দা ওঠে তির্যকের একুশ স্মরণে তিন দিনব্যাপী নাট্যোৎসবের। উৎসবে নাটকের পাশাপাশি ছিল নাট্য বিষয়ক প্রদর্শনী, বিষয়ভিত্তিক কথামালা, সম্মাননা জ্ঞাপন, আবৃত্তি, নাচ ও গান। উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। এই সময় কথামালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তির্যক নাট্যদলের সভাপতি আহমেদ ইকবাল হায়দার। উদ্বোধনী সংগীত পরিবেশন করে তির্যক নাট্যদলের নাট্যকর্মীরা।
কথামালার পর উৎসবে নাচ পরিবেশন করে দর্শক মাতান গুরুকুলের নৃত্য বিভাগের শিল্পীরা। নৃত্য পরিচালনা করেন গার্গি মজুমদার। নাচের পরে আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের গ্রন্থনা ও নির্দেশনায় ‘চিরকালের প্রমিথিউস’ শিরোনামের বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রমার আবৃত্তির পর টিআইসির গ্যালারিতে তির্যক নাট্যদলের ৪১ বছরের নাট্য আন্দোলন নিয়ে নাট্যস্মারক প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপরেই সন্ধ্যা সাড়ে ছয়টায় মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’ এর ৯৯তম প্রদর্শনী।
উৎসবের শেষদিন ২১ ফেব্রুয়ারি সকাল এগারোটায় টিআইসি মুক্তমঞ্চে জাগরণের গান পরিবেশন করে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন। এরপর আবৃত্তি পরিবেশন করে নরেন আবৃত্তি একাডেমি। দ্বিতীয় পর্বে বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে আবৃত্তি পরিবেশন করে স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র। এরপর প্রীতি বিতর্কে অংশ নেন দৃষ্টি চট্টগ্রামের সদস্যরা।