
সে অনেক দিন ছিল—প্রায় একটা শতাব্দী ধরে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শেড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ তাদের সবচেয়ে পুরোনো বাসিন্দার মৃত্যুসংবাদ দিয়েছে। অস্ট্রেলীয় মাছটির নাম ছিল গ্র্যান্ডড্যাড।
ফুসফুস ও ফুলকা—দুই-ই ছিল গ্র্যান্ডড্যাডের। তাই এটি লাংফিশ। শেড নিজেদের ওয়েবসাইটে লিখেছে, মাছটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছিল। এ অবস্থায় প্রাণিসেবা বিশেষজ্ঞ দল গ্র্যান্ডড্যাডকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ‘কঠিন সিদ্ধান্তটা’ নিতে বাধ্য হয়। কর্তৃপক্ষের অনুমান, মাছটি শতবর্ষ পার করেছিল। তবে এটির সঠিক বয়স কখনোই নিশ্চিত করা সম্ভব হয়নি। ১৯৩৩ সালে শেড অ্যাকুরিয়ামে আনার সময় মাছটি ‘কৈশোরে’ ছিল। ২০১৩ সালে তার সেখানে বসবাসের ৮০তম বর্ষপূর্তি পালিত হয়।
গ্র্যান্ডড্যাডের একজন সঙ্গী ছিল। ১৯৮০ সালে তার মৃত্যু হয়। কোনো মার্কিন অ্যাকুরিয়ামে তারাই ছিল স্বগোত্রীয় প্রাণী। অস্ট্রেলীয় লাংফিশগুলোর মূল নিবাস কুইন্সল্যান্ডের ম্যারি এবং বার্নেট নদীতে। ‘আদি ফুসফুস’ থাকায় তারা খরার মৌসুমে বদ্ধ জলাশয়েও শ্বাস-প্রশ্বাস চালাতে পারে। আর পানির নিচে থাকাকালে তারা ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। সচরাচর তারা ১০০ বছরের বেশিই বাঁচে।
শেড অ্যাকুরিয়ামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেট কফলিন বলেন, তাঁদের ওখানে ১০ কোটি ৪০ লাখের বেশি অতিথি গ্র্যান্ডড্যাডকে দেখেছেন। এই অনন্য প্রজাতির মাছটিকে তাঁরা আট দশকের বেশি সময় ধরে রাখতে পেরে আনন্দিত।
তত্ত্বাবধায়কেরা বলেন, গ্র্যান্ডড্যাড পরিমিত খাওয়াদাওয়া করত। মাছ, চিংড়ি, ঝিনুক, লেটুসপাতা, ফলমূল ও শাকসবজির মিশ্রণ ইত্যাদি পছন্দ করত। সাপ্তাহিক বিশেষ খাবার হিসেবে তার জন্য কেঁচো বরাদ্দ থাকত।
দর্শনার্থীদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিল গ্র্যান্ডড্যাড। বর্ষীয়ান প্রাণীটির মৃত্যুতে ফেসবুকে অনেকেই শোক জানিয়েছেন। নাথান ডি রোভার নামের একজন লিখেছেন, ‘গ্র্যান্ডড্যাড আমার কাছে অনেক বেশি কিছু। একেবারে ছোটবেলায় তাকে প্রথম দেখেছিলাম। তারপর বহুবার ওখানে গিয়ে তার খোঁজ করেছি। ২০১৫ সালে আমি ও আমার স্ত্রী ওই অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে বিয়ে করি, যাতে গ্র্যান্ডড্যাড সাক্ষী থাকতে পারে।’