মুসলমানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অস্ট্রিয়ার রয়েছে এক বিচিত্র ইতিহাস। তবে ইউরোপের এ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশটির শত বছরের পুরোনো ইসলাম ধর্মবিষয়ক আইনটিকে সহনশীলতার প্রতীক হিসেবেই দেখা হয়। এ আইন মুসলমানদের অস্ট্রিয়ায় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অন্য ধর্ম যেমন—ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, ইহুদি এবং বৌদ্ধধর্মাবলম্বীদের মতোই সমান অধিকার দিয়েছে।সম্প্রতি এ ইসলামি আইনের শতবার্ষিকী উদ্যাপন করা হয়। অস্ট্রিয়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মুসলমান সম্প্রদায়ের সদস্যরা এ অনুষ্ঠানে যোগ দেন। এ হিসাবে অস্ট্রিয়ায় ইসলাম ১০০ বছর ধরে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ধর্ম। তবে অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক মানুষের কাছে সম্ভবত এখন পর্যন্ত বেশি পরিচিত ঐতিহাসিক ঘটনা হলো ১৬৮৩ সালের ভিয়েনা অবরোধ। সে বছর খ্রিস্টান নিয়ন্ত্রিত ইউরোপের দিকে অগ্রসরমাণ মুসলমান ওসমানিয়া সেনাবাহিনীকে থামিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়ার কট্টর ডানপন্থী রাজনীতিকদের কিছু ইসলামবিরোধী মন্তব্য সংবাদ শিরোনামে উঠে আসে। তবে সার্বিকভাবে অস্ট্রিয়ার মুসলমান সম্প্রদায়ের সদস্যরা বলে থাকেন, সে দেশের ইসলামি আইন ইউরোপের মধ্যে স্বতন্ত্র। এ আইন দেশটির সরকারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা, অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা এবং প্রকাশ্য প্রার্থনাসহ বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের বেশ কিছু অধিকারের নিশ্চয়তা দিয়েছে। রাজধানী ভিয়েনার টাউন হলে এক ভাষণে অস্ট্রিয়ার মুসলমানদের নেতৃস্থানীয় সংগঠন ইসলামিক কমিউনিটির প্রধান ফুয়াত সানাক বলেন, অস্ট্রিয়ার ইসলামবিষয়ক আইন ইউরোপের বাকি দেশগুলোর জন্য উদাহরণস্বরূপ। অস্ট্রিয়ার বেশির ভাগ মানুষ মনে করে, ইসলাম সে দেশের সমাজকে সমৃদ্ধ করেছে। তারা একে বিপদ হিসেবে দেখে না। একই অনুষ্ঠানে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইঞ্জ ফিশার ‘শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল’ সম্পর্কের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, আইনগত স্বীকৃতি থাকায় অস্ট্রিয়ায় প্রচলিত ধর্মগুলোর অনুসারীরা দেশের আইন মেনে চলতে বাধ্য। ভিয়েনার মুসলমান পৌর কাউন্সিলর ওমর আল রাওয়ি বলেন, এ আইনটি মুসলমানদের অস্ট্রীয় সমাজে একাত্ম হতে অনেক সাহায্য করেছে। এ দেশে গ্রহণযোগ্য-মুসলমান সম্প্রদায়ের মধ্যে এ চেতনা সঞ্চারিত করে আইনটি। কাউন্সিলর ওমর বলেন, ‘ইউরোপে ইসলামের প্রতি আচরণের ক্ষেত্রে অস্ট্রিয়া একটি মডেল। তবে অস্ট্রিয়ার মুসলমানেরাও ইউরোপীয় মুসলমানদের মধ্যে মডেল।’ ওমর আল রাওয়ি বলেন, ‘মুসলমানেরা জানে, অধিকারের সঙ্গে কিছু আইনগত বাধ্যবাধকতা ও দায়িত্ব থাকে। এবং অনেক অধিকার ও সুবিধা পেলে আপনাকে কিছু তো ত্যাগও করতে হবে।’ ওমর আরও বলেন, ‘অস্ট্রিয়ার মুসলিমরা বিশ্বের যেকোনো প্রান্তে গেলে বলে, আমরা অস্ট্রীয়। আমরা এ দেশেরই মানুষ, যে দেশ কিনা আমাদের সম্মান ও স্বীকৃতি দিয়েছে। এ দেশ আমাদের এমন বহু সুবিধা দিয়েছে, যা অনেক মুসলিম দেশের নাগরিকেরাও ভোগ করে না। আর এ কারণেই অস্ট্রীয় বলে তাঁরা গর্ববোধ করেন। ১৯১২ সালে হ্যাবসবার্গ সম্রাট ফ্রাঞ্জ জোসেফের রাজত্বকালে অস্ট্রিয়ায় ইসলামসংক্রান্ত আইনটি কার্যকর করা হয়েছিল। হ্যাবসবার্গ সামরিক বাহিনীতে বসনীয় মুসলমান সেনাদের একীভূত করার পদক্ষেপ হিসেবে এ আইনের যাত্রা শুরু হয়। প্রথমে ইসলামের হানাফি মাজহাব অনুসারীদের উদ্দেশে আইনটি প্রণয়ন করা হয়। শিয়া ও সুন্নি ইসলামের অন্যান্য মাজহাব অনুসারীদের অন্তর্ভুক্ত করতে পরে এর পরিধি বাড়ানো হয়। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে হ্যাবসবার্গ সাম্রাজ্যের পতনের পর অস্ট্রিয়ার মুসলমানের সংখ্যা মাত্র কয়েক শতে নেমে আসে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৬০-এর দশকে তুরস্ক ও সাবেক যুগোস্লাভিয়ার শ্রমিক এবং নব্বইয়ের দশকে বসনিয়ার শরণার্থীরা আসার ফলে দেশটিতে মুসলমান জনগোষ্ঠী বাড়তে শুরু করে। বর্তমানে অস্ট্রিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় পাঁচ লাখ, যা মোট জনসংখ্যার ৬ শতাংশ। ভিয়েনায় রোমান ক্যাথলিকের পর মুসলমানেরাই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। ইসলামিক কমিউিনিটি সংগঠনের দেওয়া তথ্যমতে, মুসলমান পরিবারগুলোর প্রায় ৬০ হাজার শিশু দেশটির সরকারি স্কুলে ইসলাম ধর্ম বিষয়ে শিক্ষা নেয়। তবে পাঠদান হয় জার্মান ভাষায়। কৌশিক আহমেদ, সূত্র: বিবিসি