শতবর্ষের আনন্দযজ্ঞে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সদস্যরা যেন স্বপ্নের মতো দুটি দিন কাটালেন। ২১ ও ২২ ফেব্রুয়ারি সাতকানিয়ার কাঞ্চনা গ্রামে সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিলেন সদস্যরা। আড্ডা, গান, নাচ, নাটক—কী ছিল না দুই দিনের এই জমজমাট আসরে! অনুষ্ঠানে আগতদের গায়ে শোভা পাচ্ছিল শতবর্ষ পূর্তি উপলক্ষে তৈরি সাদা টি-শার্ট। সবার মুখে হাসি আর কথার ফোয়ারা। সন্ধ্যা ঘনিয়ে এলে আসরের মৌতাত যেন বাড়ছিল। সুরের মূর্ছনা আর আতশবাজি পুরো গ্রামকে আলোকিত করে জানান দিচ্ছিল উৎসবের খবর।২১ ফেব্রুয়ারি ভোরে ভাষাশহীদদের স্মরণে প্রভাতফেরির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ১৯৭১ সালের ২৪ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত কাঞ্চনা গ্রামের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দেন অতিথিরা। সমিতির প্রবীণ সদস্য অধ্যাপক অমরেন্দ্রনাথ দাশের ধারণকৃত ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।উৎসব উপলক্ষে রঙিন সাজে সাজানো হয় মঞ্চ। শুরুতে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করেন অতিথিরা। এরপর অধ্যাপক হারাধন নাগের সভাপতিত্বে প্রথম দিনের আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ ওমর ফারুক। সমিতির কর্মকাণ্ডের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রকৌশলী তমাল নন্দী।শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে স্মরণ করা হয় প্রয়াত সংগঠকদেরও। সমিতির অন্যতম সংগঠক প্রয়াত অশ্বিনীকুমার ঘোষ ও শহীদ বুদ্ধিজীবী রায় সাহেব কামিনী কুমার ঘোষকে মরণোত্তর স্মারক সম্মাননা দেওয়া হয়।দ্বিতীয় দিন অধ্যাপক অশ্রু বিজয় নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, অধ্যাপক হারাধন নাগ, প্রকৌশলী তমাল নন্দী, চিকিৎসক সরোজ কান্তি নন্দী ও উদয় শংকর ঘোষ।অনুষ্ঠান উপলক্ষে দুই দিন ধরে চলেছে রক্তদান, সম্মাননা প্রদান, পরবর্তী প্রজন্মের কাছে সমিতির দীপশিখা হস্তান্তর, ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আদিবাসী নাচ এবং বাউল গান।অনুষ্ঠানে রাঙামাটির তাঁতের কাপড়ের দোকান বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। অনুষ্ঠানস্থলের এক পাশে উদ্যাপন কমিটির টি-স্টলে ভিড় জমিয়েছেন আগত অতিথিরা। চায়ের কাপে চুমুক দিতে দিতে খোশগল্পে মেতে উঠেছেন তাঁরা।মঞ্চে গান গেয়ে দর্শক মাতিয়েছেন তৃষা দে, সজীব, উর্মি, তৃণা, জুঁই, তুহিন, সৈকত। নাচ পরিবেশন করেন কৃপালিনী, তুহিন ও আদিবাসী শিল্পীরা। তবে সবাইকে যেন ছাপিয়ে গেলেন কুষ্টিয়ার লালন একাডেমির টুনটুন সাধু ও তাঁর দল। টুনটুন সাধু একের পর এক গাইলেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’সহ বেশ কয়েকটি গান। রাত বাড়তে থাকলে বাড়ে গানের আকর্ষণ। সাধুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দর্শকদের সবাই যেন শিল্পী হয়ে যান।