শতবর্ষের বর্ণাঢ্য আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে খাগড়াছড়ি সদরের কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উৎসব। এ উপলক্ষে ১৩ মার্চ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, স্মৃতিচারণামূলক সভা, প্রীতি সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯১৫ সালে নিম্ন প্রাথমিক বিদ্যালয় (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) হিসেবে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। খাগড়াছড়ি জেলা সদরের তিনটি প্রাচীন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এটি একটি।
শতবর্ষপূর্তি ও প্রীতি সম্মিলনী উদ্যাপন পরিষদের সভাপতি কীর্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সাইথোঅং মারমা, অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা, সাবেক যুগ্ম সচিব উক্য জেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, রাঙামাটি নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিদ্যালয়ের বহু ছাত্র আজ দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিজ নিজ ক্ষেত্রে সুনামের সঙ্গে তাঁরা অবদান রাখছেন। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব।
এর আগে সকালে কমলছড়ি গ্রামবাসী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাক্তন ছাত্রছাত্রীরা এতে যোগ দেন।