এবার শিক্ষা বোর্ডে চতুর্থ হয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দুজন ছাত্রী পরীক্ষায় আংশিক (দুটি পরীক্ষা) অংশগ্রহণ করায় ফলাফলের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এটা না হলে আরও ভালো হতো বলে তাঁদের অভিমত। এবার ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৩৭ জন। পাসের হার ৯৮ দশমিক ৭৫। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১০৫ জনের মধ্যে ১০২ জন এবং বাণিজ্যে ৯৬ জন ও মানবিকে ৩৯ জনের সবাই পাস করেছেন। তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৯৪ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন সিনথিয়া সেলিম ও উপমা বড়ুয়া। তাঁরা বললেন, ‘এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা ভবিষ্যতেও এ সাফল্য ধরে রাখতে চাই।’ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ ফারহান মুহতামিম বললেন, ‘ক্লাসে স্যারেরা বেশি যত্ন নেন। মডেল টেস্ট নেওয়া হতো। বাবা-মার ত্যাগও প্রচুর। সব মিলিয়ে ভালো ফল হয়েছে।’ তাঁর বাবা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল হামিদ বললেন, ‘কলেজের ধারাবাহিক ও নিবিড় পরিচর্যা এবং শতভাগ বাধ্যতামূলক উপস্থিতি শিক্ষার্থীদের সবসময় বইমুখী করেছে। এটাই সাফল্যের অন্যতম কারণ।’ কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরীও বললেন একই কথা, ‘শিক্ষার্থীদের নিবিড় অধ্যবসায়, তাদের সংশোধনের অগ্রগতি আর ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার কারণে ফল ভালো হয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সঠিক তত্ত্বাবধানে ছাত্রদের নিশ্চিত সাফল্য আসে।’