শতভাগ নিরপেক্ষ থাকব—এম এ সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ সালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন ১৯৮৪ সালে। রাজনীতিতে আসেন ছাত্রজীবনেই। ১৯৭৪ সালে তিনি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য হন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে তিনি ছাত্রলীগ ও জাতীয় ছাত্রলীগকে নেতৃত্ব দেন।দলীয় সূত্র জানায়, ১৯৯২ সালের ১৪ মে তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এরপর ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর এবং ২০০৪ সালের ১৩ এপ্রিল সম্মেলনের মাধ্যমে আবার যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় দফা সাধারণ সম্পাদক হন। সেই দায়িত্ব এখনো পালন করে যাচ্ছেন।এম এ সালাম ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তবে জয়ী হতে পারেননি। এরপর আরও দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও তিনি মনোনয়ন পাননি। তবে পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে এম এ সালাম বলেন, ‘সরকার আমাদের কাজের পরিধি এখনো ঠিক করে দেয়নি। তবে পরিধির মধ্য থেকে জনকল্যাণের জন্য কাজ করব। বিশেষ করে, জেলার উন্নয়নমূলক কাজ দেখার দায়িত্ব জেলা পরিষদের প্রশাসকের ওপর ন্যস্ত হতে পারে।’ সালাম আরও বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কিন্তু প্রশাসক চট্টগ্রামবাসীর। জেলা পরিষদের প্রশাসক হিসেবে শতভাগ নিরপেক্ষ থাকব। আওয়ামী লীগ কিংবা বিএনপি নয়, জেলার ১০০ শতাংশ মানুষের কল্যাণের জন্য যা কিছু করার দরকার—সীমিত সম্পদ দিয়ে তা করার চেষ্টা থাকবে। এ জন্য দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা চাই।’