শতভাগ পাসের তালিকায় নগরের বাইরের কলেজের প্রাধান্য
চট্টগ্রাম বোর্ডে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাসের তালিকায় রয়েছে সাতটি কলেজ। এর মধ্যে পাঁচটিই নগরের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান। শতভাগ পাসের তালিকায় থাকা নগরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—আলহাজ এয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং জেএমসেন নৈশ কলেজ।বোর্ড সূত্রে জানা যায়, শতভাগ পাস করা কলেজের তালিকায় শীর্ষে আছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। এ কলেজের ১০৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। দ্বিতীয় স্থানে থাকা কক্সবাজার বাণিজ্য কলেজের ৫৯ শিক্ষার্থীর সবাই পাস করেছেন। তৃতীয় হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ কলেজের ৫০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। চতুর্থ হয়েছে আলহাজ এয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। এ কলেজের ৩১ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। পঞ্চম হয়েছে কাফকো স্কুল ও কলেজ। এই কলেজে পরীক্ষার্থী ছিল ছয়জন। ষষ্ঠ স্থানে থাকা খাগড়াছড়ির পানছড়ি বাজার স্কুল ও কলেজের চারজন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। সপ্তম স্থানে রয়েছে নগরের জেএমসেন নৈশ কলেজ। এখানে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন।