শতভাগ বিদ্যুতায়ন হলো দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন
শতভাগ বিদ্যুতায়ন হলো ফেনীর দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ইউনিয়ন। ইউনিয়নে এ পর্যন্ত পাঁচ হাজার ৫৩৫টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বশেষ এক হাজার ৫৩৫ জনকে নতুন সংযোগ দেওয়া হয়েছে গত ২৩ নভেম্বর। এসব সংযোগ ওভারলোডমুক্ত রাখার জন্য ১৪৭ ওভার লোডেড ট্রান্সফরমার বসানো হয়েছে। ইউনিয়নে বিদ্যুৎ খাতে সরকার প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করেছে।
নতুন সংযোগ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। গত ২৩ নভেম্বর স্থানীয় বারাহী গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি মনজুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সায়রুল ইসলাম, ইসমাঈল হোসেন, মামুনুর রশীদ, বেলায়েত হোসেন প্রমুখ।