শতভাগ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম বাস্তবায়ন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ কোনো উদ্যোগ না নিলে খাগড়াছড়ির তিন গ্রামের ২৪ শিশুর শিক্ষাজীবন অকালে শেষ হয়ে যাবে। গ্রাম তিনটি হচ্ছে খাগড়াছড়ি শহর থেকে ১২-১৩ কিলোমিটার দূরে গোলাবাড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জেরকপাড়া, হেমনপাড়া ও রথিচন্দ্রপাড়া। ওই ২৪ জন ছাড়াও তিন গ্রামের প্রায় দেড় শ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম যাতায়াত ব্যবস্থা, দারিদ্র্য ও অভিভাবকদের অসচেতনতার কারণে জেলায় শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। সরকার ২০১১ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার উপযোগী শতভাগ শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু করেছে।খোঁজ নিয়ে জানা যায়, গোলাবাড়ি ইউনিয়নের তিন গ্রামে মোট ১১০ পরিবার বসবাস করে। সবাই ত্রিপুরা জাতিগোষ্ঠীর ও জুমচাষি। এখানে জাতীয় টিকা দিবসে শিশুদের টিকা খাওয়ানো ছাড়া সরকারি কোনো সুযোগ-সুবিধা এখনো পৌঁছেনি। তিন গ্রাম নিয়ে জেরক পাড়ায় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘জাবারাং’ একটি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। তিন বছর মেয়াদী প্রকল্পের অধীনে পরিচালিত বিদ্যালয়টির কার্যক্রম এ বছর ডিসেম্বরে শেষ হবে। এতে ২৪ শিশু পড়াশোনার সুযোগ পেয়েছে। বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দুবছর আগে ভর্তি হওয়া শিশুরাই শুধু এখানে শিক্ষার সুযোগ পাচ্ছে। ডিসেম্বরে বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তৃতীয় শ্রেণীতেই তাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাবে। জেরকপাড়ার বাসিন্দা উমে কান্তি ত্রিপুরা (৩৬) জানান, গ্রামের সবচেয়ে কাছের প্রাথমিক বিদ্যালয়টিও পাঁচ-ছয় কিলোমিটার দূরে। এতদূর গিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনা করা সম্ভব নয়। এ পর্যন্ত যারা ভর্তি হয়েছে তারা সবাই আত্মীয়-স্বজনের বাড়িতে থেকে পড়াশোনা করেছে। উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়টির ছাত্রী রফিকা দেবী ত্রিপুরা, লুলী রানী ত্রিপুরা, দয়ন ত্রিপুরা, কোহেলিকা ত্রিপুরা জানায়, এ বিদ্যালয়টি উঠে (বন্ধ হয়ে গেলে) গেলে পরবর্তীসময়ে কোথায় লেখাপড়া করবে তারা তা জানে না। কিন্তু তারা পড়াশোনা করতে চায়।স্থানীয় বাসিন্দা নলেন্দ্র ত্রিপুরা (৩৯) জানান, ‘গ্রামের সবাই জুমচাষি, গরিব। অধিকাংশ পরিবারের সাধ্য নেই আত্মীয়ের বাড়িতে রেখে ছেলে-মেয়েদের লেখাপড়া করানোর।’ এক হিসেবে দেখা যায়, জেরকপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী শিশু রয়েছে ৪০ জন। এদের মধ্যে ১৪ জন উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে, বাকিরা কোনো বিদ্যালয়ে যায় না। খাগড়াছড়ি সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ বলেন, ‘আমরা ঊর্ধ্বতন মহলে খাগড়াছড়িতে বিদ্যালয়শূন্য গ্রামের তালিকা পাঠিয়েছি। যেসব গ্রামে বিদ্যালয় নেই সেখানে বেসরকারি উদ্যোগে কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে সরকারের পক্ষ থেকে সবরকমের সহযোগিতা দেওয়া হবে। শিক্ষার্থীদের বিনা মূল্যে বই-পুস্তক দেওয়া হবে।’