শতভাগ সাফল্য চট্টগ্রামে!
চট্টগ্রাম সব সময় বাংলাদেশের জন্য পয়া। এটা আর নতুন করে প্রমাণের কী আছে। চাপে থাকা স্বাগতিকদের অতীতেও ঘুরে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে বন্দরনগর। এরারও তার ব্যতিক্রম নয়। যদিও এবার ঢাকায় আফগানিস্তানকে হারিয়ে চাপটা আগেই কিছুটা ঝেরে এখানে এসেছেন স্বাগতিকেরা। তবু শতভাগ সাফল্য চট্টগ্রাম থেকে কেন নয়?
চট্টগ্রামে বাংলাদেশ দলের অর্জন শতভাগ হচ্ছে কি না আজ তারই পরীক্ষা। চট্টগ্রামে প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর একরকম সেরা দশে পা দিয়েই রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার এখানে স্বাগতিকেরা মুখোমুখি হচ্ছে হংকংয়ের। এই ম্যাচ জিতলে শতভাগ সাফল্য চট্টগ্রামে।
এর আগে ২০১১ সালের এক দিনের বিশ্বকাপের সময়ও চট্টগ্রাম স্বাগতিকদের দুহাত ভরে দিয়েছিল। দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। তাও যেনতেন প্রতিপক্ষ নয়, ইংল্যান্ড এবং হল্যান্ডের বিপক্ষে। এর আগের ম্যাচে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অলআউট হয়ে বিপর্যস্ত অবস্থা হয়েছিল দলের। পরের ম্যাচে ইংল্যান্ডকে দুই উইকেটে হারানো বাংলাদেশের রূপকথাই বলা যায়। তারপর হল্যান্ডকে উড়িয়ে দিয়ে চট্টগ্রামে বিশ্বকাপে শতভাগ সাফল্য নিয়ে ঢাকায় ফেরা।
আজ আরেকটি বিশ্বকাপে স্বাগতিক দল চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ খেলাতে নামছে। ইতিমধ্যে দুটি ম্যাচে পরাজিত হংকংয়ের এই ম্যাচে হারানোর কিছুই নেই। তবু তারা মরণকামড় দেওয়ার স্বপ্ন দেখছে। সেই ক্ষমতা তাদের আছে কি না সেটা নিয়ে তর্ক থাকতে পারে। কিন্তু ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার ওপরই তাদের যত আস্থা।
হংকং অধিনায়ক অ্যাটকিনসন তো একটি ইতিহাস গড়ার স্বপ্নের কথা ম্যাচের আগে জানিয়ে দিলেন। এখন সময়ের হাতে ছেড়ে দেওয়া যাক।
অন্যদিকে পর পর দুই ম্যাচ জিতে অনেকটা ফুরফুরে স্বাগতিক দল এই ম্যাচও নিজেদের করে নিতে প্রস্তুত। নিজেদের মাঠ, চেনা দর্শক। এটাই তো যোগ্য স্থান সবকিছু নিজের করে নেওয়ার। মুশফিকও সে রকমই ভাবছেন। এই ম্যাচও জয়ের জন্য খেলবে বাংলাদেশ। হংকংকে হেলাফেলা করছেন না তাঁরা। মুশফিকের মতে, ‘প্রতিটি নতুন ম্যাচ। জয়ের ধারাবাহিকতাটা ধরে রাখা দরকার।’
এদিকে চট্টগ্রামে শেষ ম্যাচেও দর্শক মাতাবে লাল-সবুজ, সেটা এখনই আঁচ করা যাচ্ছে। টিকিট নিয়ে হাহাকার শোনা যাচ্ছে কান পাতলেই। টিকিট হাতবদলের দরও বাড়ছে তরতর করে।
সেরা দশে পা বাড়িয়ে রাখা বাংলাদেশের এটি চট্টগ্রামে শেষ ম্যাচ। সেরা দশে চট্টগ্রাম বাংলাদেশের কোনো ম্যাচ পড়ার সম্ভাবনা নেই। তাই টিকিটের এত হাঁকডাক।
মূলপর্বে চট্টগ্রামে বাংলাদেশের ম্যাচ না থাকলেও কয়েকটা বড় দল এখানে খেলবে। তাই ক্রিকেট দ্বৈরথটা না জমার কোনো কারণই নেই।
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের খেলা রয়েছে। এসব দলের ম্যাচে উপচে পড়া দর্শক হবে বলেও প্রত্যাশা স্থানীয় আয়োজকদের।