শতাধিক বই প্রকাশ করছে চট্টগ্রামের তিন প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলো এবার একুশের বইমেলায় শতাধিক বই প্রকাশ করেছে। ইতিমধ্যে মেলায় অনেকগুলো চলেও এসেছে। বাকিগুলোর মোড়কও একুশের আগে আগেই উন্মোচিত হবে বলে প্রকাশকেরা আশা করছেন।এখানকার বেশ কয়েকজন লেখকের বইয়ের জন্য সারা দেশের পাঠকেরা অপেক্ষায় থাকেন। তেমন একজন হলেন আবুল মোমেন। তাঁর কাব্যগ্রন্থ শূন্যতাসুন্দর মেলায় এনেছে চট্টগ্রামের বাতিঘর প্রকাশনা। পাশাপাশি চট্টগ্রামের আরেক নন্দিত লেখক কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের নতুন উপন্যাস মোহনা প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। একই লেখকের উপন্যাস হূদয়নদী প্রকাশ করেছে শুদ্ধস্বর।চট্টগ্রামের প্রকাশকেরা প্রতিষ্ঠিত ও তরুণ লেখকদের বই যেমন প্রকাশ করেছেন, তেমনি ঢাকার নামী প্রকাশনা থেকে বের হয়েছে এখানকার লেখকদের বই।কবি ও গল্পকার বিশ্বজিৎ চৌধুরীর ছোট দৈর্ঘ্যের ও ভিন্ন স্বাদের প্রেমের গল্পের সংকলন স্বল্প দৈর্ঘ্য প্রেমের গল্প প্রকাশ করেছে শুদ্ধস্বর। একই প্রকাশনা থেকে বেরোচ্ছে কামরুজ্জামান জাহাঙ্গীরের গদ্যের বই কথা শিল্পের জল হাওয়া ও হাফিজ রশিদ খানের কবিতার বই পড়শিওয়ালা জাগো। খালেদ হামিদীর কবিতার বই স্লামডগ, মিলিয়নার নই বের হলো ঢাকার প্রকৃতি প্রকাশনা থেকে। বেঙ্গল ফাউন্ডেশন এবার প্রকাশ করতে যাচ্ছে ২০০৯ সালে কালি ও কলম পুরস্কারপ্রাপ্ত কবি আহমেদ মুনিরের কবিতার বই সহজ মানুষের ছায়ায়। আরেক তরুণ কবি মনিরুল মনিরের কবিতার বই বাগানে জলের কাহিনি মেলায় আনছে গদ্যপদ্য। চট্টগ্রামের শৈলী, বলাকা ও কালধারা—এই তিনটি প্রকাশনা এবার মেলায় আনছে শতাধিক বই। এর মধ্যে শৈলী ২৫টি, বলাকা ৭০ এবং কালধারা ২০টি বই প্রকাশ করেছে। শৈলী থেকে বের হওয়া এবার উল্লেখযোগ্য বইগুলো হলো: রাশেদ রউফের কিশোর কবিতার বই আমার সোনার বাংলা, সাংবাদিক মোয়াজ্জেমুল হকের লেখা উপন্যাস কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, দিলরুবা আহমেদের উপন্যাস ঝুমকা লতার সারাটা দিন, এলিজা আজাদের গল্পের বই নীল শাড়ি, শৈবাল বড়ুয়ার পলাশ ফোটার দিন, তহুরীন সবুর ডালিয়ার গল্পের বই নীল অ্যাকুরিয়াম, জাহেদ মোতালেবের গল্পের বই লাল পা, মহুয়া চৌধুরীর গল্পের বই প্রবাসে শেকড়ের গল্প, গোলাম মওলা মুরাদের লেখা চট্টগ্রাম: সাগর তীরে আলোর শহর, চট্টগ্রামের সংগীতজগতের মানুষকে নিয়ে লেখা রওশন আরা বিউটির লেখা সুরের আকাশে শুকতারা । বলাকা থেকে প্রকাশিত ৭০টি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো: অধ্যাপক জামাল নজরুল ইসলামের প্রবন্ধের বই সামজ দর্শন বিজ্ঞান ও অন্যান্য প্রসঙ্গ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানের প্রবন্ধের বই জাতি, রাষ্ট্র ও বাংলাদেশ, জামাল উদ্দিনের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম, আহমেদ আমিন চৌধুরীর ইতিহাসের আলোকে মুক্তিযুদ্ধ ও রাউজান, শামসুল আরেফিনের লেখা আসকর আলী পণ্ডিত: ৮৬ বছর, লাবণ্য ভট্টাচার্যের উপন্যাস উলুখড়ের জীবন। কালধারা এবার প্রকাশ করেছে রফিক আনোয়ারের পাঁচটি উপন্যাসের একটি সংকলন পঞ্চ উপাখ্যান, আইউব সৈয়দের একুশের ছড়া, এস এম ওবায়দুল্লাহর আত্মজীবনীমূলক বই তিস্তা পাড়ের সেই গ্রামটি। দিন দিন কলেবর বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রামের প্রকাশনাগুলোর। একক প্রচেষ্টায়ও প্রতিবছর অনেক বই প্রকাশিত হয়। কিন্তু এখানকার বিপণনব্যবস্থার দুর্বলতার কারণে প্রকাশনা শিল্প বিকশিত হচ্ছে না। এ জন্য চট্টগ্রামে প্রতিবছর বাংলা একাডেমীর বইমেলার মতো একটি বড় আয়োজন হওয়া উচিত বলে মনে করেন প্রকাশক ও লেখকেরা।