শতাধিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী পুরস্কৃত
নগরের শতাধিক বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে গতকাল সোমবার দুপুরে পুরস্কার ও পদক বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এরা অংশ নেয়। সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়ের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় বলে জানা গেছে।এর মধ্যে ছয়টি বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার ও পদক এবং অন্যদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে—রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক সংগীত, লোকগীতি, সাধারণ নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রায় ৮০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানা গেছে।পুরস্কার বিতরণ উপলক্ষে গতকাল দুপুরে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। করপোরেশনের সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ, মাহফুজুল হক প্রমুখ।মেয়র শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।