শনিবার উদ্বোধন হচ্ছে সীমানাপাড়ার সেই বিদ্যালয়ের
অবশেষে বিদ্যালয় হচ্ছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম সীমানাপাড়ায়। ১৯ ডিসেম্বর শনিবার খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা হোসনেয়ারা মন্জুর বিদ্যানিকেতন নামের বিদ্যালয়টি উদ্বোধন করবেন।
গত ৮ অক্টোবর প্রথম আলোর ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রামে’ ‘ভোর পাঁচটায় বিদ্যালয়ে যাত্রা সন্ধ্যা সাতটায় ফেরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সীমানাপাড়ায় এই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।
চট্টগ্রামের মোস্তফা হাকিম গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জীবন মুছা প্রথম আলোকে জানান, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি দেখে চট্টগ্রামের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মন্জুর আলম শিশুদের কষ্ট লাঘবে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। তিন তলা ফাউন্ডেশনের ১০০ ফুট লম্বা ও ২৫ ফুট প্রস্থবিশিষ্ট বিদ্যালয়টিতে এরই মধ্যে ছয়জন শিক্ষক-শিক্ষিকাও নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে জুতা ও পোশাক দেওয়া হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
হোসনেয়ারা মনজুর বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষিকা ধীনা ত্রিপুরা বলেন, বিদ্যালয়টিতে প্রাক্ প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। ইতিমধ্যে ১০৪ জন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণিতে ভর্তি হয়েছে।
সীমানাপাড়া গ্রামের কারবারি (গ্রামপ্রধান) চয়ন ত্রিপুরা বলেন, ‘আমাদের গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? গ্রামের ছেলেমেয়েরা আগে ছয় কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেত। এখন বাড়ির পাশেই বিদ্যালয়।’
চট্টগ্রামের সাবেক মেয়র মন্জুর আলম বলেন, ‘৮ অক্টোবর সকালে প্রথম আলোর ‘আমার চট্টগ্রাম’ পাতায় প্রতিবেদনটি পড়ি। কোমলমতি শিশুরা ছয় কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যায়, এটা মানতে খুব কষ্ট হলো। তাই শিশুদের কষ্ট দূর করতেই তাৎক্ষণিকভাবে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি। সৃষ্টিকর্তা সহায় আছেন, বিধায় আমার এই উদ্যোগ আলোর মুখ দেখল।’