শপথ গ্রহণের পর কার্যালয়ে আসেননি রাউজানের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র হিসেবে শপথ নেওয়ার পর এক দিনও নিজ কার্যালয়ে আসেননি আবদুল্লাহ আল হাসান। গত ১৮ জানুয়ারি রাউজান পৌরসভার নির্বাচনে জয়লাভের পর ১৫ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। নতুন মেয়রের অভিযোগ, সরকারি দলের ক্যাডারদের হামলা ও মামলার হুমকির কারণে তিনি কার্যালয়ে আসতে পারছেন না। এদিকে মেয়রের অনুপস্থিতিতে পৌরসভার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পৌরবাসীর ভোগান্তি হচ্ছে। এ নিয়ে তাঁদের ক্ষোভ ও হতাশা বাড়ছে। পৌরসভার ৯ নম্বর জলিলনগর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ শীল বলেন, নির্বাচনের পর থেকে পৌরবাসী মেয়রকে কার্যালয়ে পাচ্ছেন না। তাই একটা কাজের জন্য একাধিকবার যাওয়া-আসা করতে হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন পৌর নাগরিকেরা। ২ নম্বর গহিরা ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলম জানিয়েছেন, পৌর মেয়রকে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু তিনি কার্যালয়ে বসছেন না। এর কারণ কেউ খুঁজে পাচ্ছেন না। জরুরি ও প্রয়োজনীয় কাজে তাঁকে না পেয়ে অনেকেই দূর থেকে এসে হতাশ হয়ে ফিরে যান। পৌরসভার সচিব বিধানচন্দ্র নাথ মেয়রের অনুপস্থিতিতে দাপ্তরিক কাজেও অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত ও সই নিতে কার্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিদের মেয়রের বাসায় প্রতিদিন আসা-যাওয়া করতে হচ্ছে। উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকে মেয়র আবদুল্লাহ আল হাসান পশ্চিম গহিরার নিজ বাসায় বসে মেয়রের দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রাউজানে সরকারি দলের লোকজনের হামলা ও মামলার হুমকির কারণে নিজ কার্যালয়ে যেতে পারছেন না। বিষয়টি তিনি রাউজান থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছেন বলে জানান। মেয়রের এ দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন। তিনি বলেন, ‘যিনি হাটবাজারে অবাধ বিচরণ করেন, পৌর এলাকার বিয়ে-মেজবানে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেন, তিনি কার্যালয়ে যেতে পারছেন না, তা বিশ্বাসযোগ্য নয়। যে অজুহাতে তিনি কার্যালয়ে আসছেন না তা ভিত্তিহীন। মেয়র এ কৌশল নিয়ে পৌরবাসীর দেওয়া রায়কে অশ্রদ্ধা করছেন।’ পৌরসভার অপর কাউন্সিলর সামিমুল ইসলাম মেয়রের অনুপস্থিতি নিয়ে হামলা-মামলার অভিযোগ প্রসঙ্গে বলেন, মেয়রের রাজনৈতিক কৌশল বাদ দিয়ে পৌরসভার উন্নয়নে স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করা উচিত ছিল। এ মনোভাব নিয়ে মেয়র কাজ করলে রাউজানকে একটি মডেল শহরে পরিণত করা সম্ভব হতো। এ প্রসঙ্গে মেয়র আবদুল্লাহ আল হাসান জানান, তিনি পৌরবাসীর সেবায় কাজ করতে চান। বারবার চেষ্টা করেও সরকারি দলের ক্যাডারদের বাধার মুখে কার্যালয়ে যেতে পারেননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনু মং বলেন, মেয়র হামলা-মামলার সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ থানায় দেননি।