শপথ নিতে পারেননি কক্সবাজার পৌরসভার ১৭ মেয়র কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের পর এক বছর পেরিয়ে গেলেও কক্সবাজার পৌরসভার মেয়রসহ ২১ জন প্রতিনিধি এখনো শপথ নিতে পারেননি। এতে পৌরসভার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণও নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত বছরের ২৭ জানুয়ারি কক্সবাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়রসহ ১২ কাউন্সিলর, চার সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্বাচিত কাউন্সিলর জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কতিপয় নেতা আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় শপথ গ্রহণ ঠেকিয়ে রেখেছেন। কারণ, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে মেয়রসহ বেশির ভাগ কাউন্সিলর বিএনপি ও জামায়াতের সমর্থক। অথচ, একই সময়ে জেলার টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভায় নির্বাচন হয়েছিল। ওই তিন পৌরসভার নির্বাচিত মেয়র কাউন্সিলররা শপথ নিয়ে বহু আগেই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর আগে কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সাড়ে নয় বছর আগে অর্থাৎ ২০০২ সালের ১৫ জুন। ওই সময়ের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এখন পৌরসভার নানা কার্যক্রম পরিচালনা করছেন। পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের বেশির ভাগ বিরোধী দল সমর্থক হওয়ায় সরকারের আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি কুচক্রী মহল আমাদের শপথ দীর্ঘ এক বছর ধরে ঠেকিয়ে রেখেছে। এতে নাগরিক সুবিধা থেকে শহরের মানুষ বঞ্চিত হচ্ছেন। পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৭ জানুয়ারির নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামী-সমর্থক সরওয়ার কামাল নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমান। কিন্তু দলের (আওয়ামী লীগের) একাধিক মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সরওয়ার কামাল জয়ী হন। কাউন্সিল পদে নির্বাচিত হন ১ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থক আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থক মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মাহবুবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির সিরাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির সালামত উল্লাহ বাবুল, ৬ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র ওমর ছিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের রাজবিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাইফুদ্দিন খালেদ, ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির রফিকুল ইসলাম ও ১২ নম্বর ওয়ার্ডে বিএনপির জিসান উদ্দিন। সংরক্ষিত মহিলা ১ নম্বর ওয়ার্ডে বিএনপির হুমাইরা বেগম, ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চাম্পা উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মনজুমান নাহার ও ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কোহিনুর ইসলাম কাউন্সিলর নির্বাচিত হন। কিন্তু গত এক বছরেও শপথ নিতে না পারায় সবাই হতাশ ও ক্ষুব্ধ। উল্লেখ্য, জনপ্রতিনিধিদের শপথ করানোর দাবিতে ইতিপূর্বে শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, গণ-অনশন পালিত হয়েছে। সর্বশেষ গত বছরের ১২ অক্টোবর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা মানববন্ধন করে সরকারের শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু তাতেও সারা মেলেনি। শপথ না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে জেলা নির্বাচন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছি। কিন্তু রোহিঙ্গা ভোটার নিয়ে উচ্চ আদালতে মামলা পাল্টা মামলা নিয়ে বিলম্ব এবং সর্বশেষ আইন মন্ত্রণালয়ের নেতিবাচক রিপোর্টের কারণে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শপথ গ্রহণ করাতে পারছেন না খবর রয়েছে। এতে নির্বাচন কমিশনের করার কিছু নাই।