দিনটি ছিল একটু অন্য রকম। ১৮ ডিসেম্বর। ঢাকা মেডিকেল কলেজের কে-৬৩ ব্যাচের সদ্য পাস করা শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মজীবন শুরুর আগে চিকিৎসক হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠান। এর নাম হলো ‘ইনডাকশন প্রোগ্রাম’। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি বিভাগের প্রধান, অধ্যাপক থেকে শুরু করে তরুণ চিকিৎসকসহ প্রায় সবাই সেখানে উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রধানদের বক্তব্যের পর ছিল প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য। তারপর শুরু হয় নবীন চিকিৎসকদের শপথ নেওয়ার পালা। ঢাকা মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১-এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক শাহলা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। মজার ব্যাপার হলো, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান শহীদ হোসেন, অধ্যক্ষ কাজী দ্বীন মোহাম্মদ ও আজাদ আবুল কালাম—সবাই আবদুল্লাহ আবু সায়ীদের প্রাক্তন ছাত্র। এসব ‘ছাত্র’রা তাঁদের বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকে ফিরে যান তাঁদের এই শিক্ষককে নিয়ে স্মৃতিচারণায়। গল্পে গল্পে অবশেষে পালা আসে আবদুল্লাহ আবু সায়ীদের। তিনি এসেই শুরু করলেন মজার মজার গল্প। বললেন, ‘চিকিৎসক দেখলেই আমার ভয় লাগে। তোমাদের দেখেই ভয় লাগছে আমার। কারণ, আমার মনে হয়, আমার মরণের সময় তোমাদেরই কেউ একজন আমার পাশে হয়তো থাকবে। তাই তোমাদের দেখলেই মনে হয়, মৃত্যুর সময় বুঝি আমার হয়েই এল।’ আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, ‘তোমরা চিকিৎসকেরা টাকার পেছনে ছুটবে না। তোমরা যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করো, দেখবে টাকাই তোমার পেছনে ছুটবে। একটা কথা মনে রাখবে, টাকা কিন্তু সুখ নয়। টাকা একটা মাধ্যম। এর মাধ্যমে সুখ আসে। কিন্তু যাদের টাকার নেশা হয়ে যায়, তারা এটা ভুলে যায়। তারা ভাবে, টাকা মানেই সুখ। হ্যাঁ, টাকার প্রয়োজন অবশ্যই আছে। জীবনে চলতে গেলে অবশ্যই টাকা লাগে। কিন্তু টাকার নেশা যেন না হয়। কেননা, অতিরিক্ত টাকা কখনোই সুখ বয়ে আনতে পারে না।’অনুষ্ঠানে শিক্ষানবিশ চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য দেন রোজেন ও ইমরান। তাঁরা বলেন, ‘ইন্টার্নি ডাক্তার হিসেবে আমাদের বেতন মাত্র ১০ হাজার টাকা। কেন এত কম, তা জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখার মতো। বলা হয়, একজন গাড়িচালকের বেতনও এ যুগে ন্যূনতম ১০ হাজার টাকা। আর আমরা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক, কী অপরাধ করেছি যে আমাদের বেতন এত কম? আমাদের সমবয়সী বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বয়সে কত বড় পদে চাকরিরত, কত ভালো বেতন পায়। আর আমরা চিকিৎসক বলে কি আমাদের অপরাধ? এত কম বেতনে কীভাবে মনোযোগ দিয়ে চিকিৎসা করা সম্ভব? এ বয়সে বিয়ে করে সংসার করার কথা। এমবিবিএসের পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির টাকাও তো জোগাড় করতে হবে। কত্ত খরচ! অথচ এখানে বেতন...একজন শিক্ষানবিশ চিকিৎসকের বেতন অন্তত ২০ হাজার টাকা হওয়া উচিত।’মুহূর্তেই গ্যালারি ফেটে পড়ে সদ্য পাস করা, শপথ নিতে আসা নতুন চিকিৎসকদের মুহুর্মুহু করতালিতে। মঞ্চে উপবিষ্ট হন সব বক্তা। অবশেষে আসে সেই শুভক্ষণ। জাতীয় অধ্যাপক শাহলা খাতুন শপথ পরিচালনা করেন। অতঃপর সবাই সমস্বরে নেওয়া শুরু করে সেই শপথবাণী, ‘আই...।’অন্য রকম এক হূদয়-নিংড়ানো আনন্দের অনুভূতিতে ছেয়ে যায় সবার মন। সৎ, মেধাবী, বিনয়ী, ধৈর্যশীল, সাহসী এবং সর্বোপরি সুন্দর মানসিকতার অধিকারী হওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় নব্যচিকিৎসকদের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা। এরপর মধ্যাহ্নের আয়োজন—খাওয়াদাওয়া।সবশেষে ফটোসেশন। জীবনের স্মরণীয় এ দিনকে ফ্রেমে আটকানোর প্রচেষ্টা। এভাবেই শেষ হলো ইনডাকশন প্রোগ্রাম। আর শুরু হলো চিকিৎসক হিসেবে এই নবীন চিকিৎসকদের পথচলা।