প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নয়টি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ২৭ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি টাউন হলে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার চঞ্চুমনি চাকমা, পানছড়ির সর্বোত্তম চাকমা, মহালছড়ির বিমল কান্তি চাকমা, মানিকছড়ির ম্রাগ্য মগ, রামগড়ের শহীদুল ইসলাম ভূইয়া, মাটিরাঙ্গার তাজুল ইসলাম ও লক্ষ্মীছড়ির সুপার জ্যোতি চাকমা। রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার শক্তিমান চাকমা ও কাপ্তাই উপজেলার দিলদার হোসেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আজ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে হবে। জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে।
স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক শংকর রঞ্জন সাহা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাজ সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মাসুদ করিম, খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
শপথ নেওয়ার পর মহালছড়ি উপজেলার পুনর্নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান কাকলি খীসা বলেন, ‘গত পাঁচ বছরে নানা কারণে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি। আশা করছি এবার সেসব কাটিয়ে উঠে জনগণের জন্য কাজ করতে পারব।’ উপজেলায় নারী শিক্ষার উন্নয়ন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা ও শিল্প-সংস্কৃতির উন্নয়নে উপজেলা শিল্পকলা একাডেমীকে গতিশীল করাকে অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি।
পানছড়ি উপজেলা পরিষদে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সর্বোত্তম চাকমা। তিনি বলেন, ‘আমার প্রথম ও প্রধান কাজ হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাওয়া। কারণ, এলাকায় শান্তি বিরাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হয়।’ এ ছাড়া, উন্নয়নকাজের ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।