কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৯ অক্টোবর গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে অনশন। ছয় ঘণ্টার অনশন শেষে বিকেল পাঁচটায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান স্থানীয় সাংসদ (কক্সবাজার-৩) লুৎফুর রহমান কাজল। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা একাত্মতা প্রকাশ করেন।পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, নির্বাচনের আট মাস পরও এই পৌরসভার মেয়র-কাউন্সিলররা এখন পর্যন্ত শপথ নিতে পারছেন না। পৌরসভায় লুটপাট চালানোর উদ্দেশ্যে স্বীকৃত কতিপয় দুর্নীতিবাজ এই অপতৎপরতা চালাচ্ছেন। বক্তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের অবিলম্বে শপথ করানোর দাবি জানিয়ে বলেন, অন্যথায় ১৬ অক্টোবরের মহাসমাবেশ থেকে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছালামত উল্লাহ খান, হিমায়িত মৎস্য রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস শুক্কুর, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী খোরশেদ আরা হক, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম প্রমুখ। কাউন্সিলরদের মধ্যে বক্তব্য দেন রফিকুল ইসলাম, ছালামত উল্লাহ, হেলালউদ্দিন কবির, আকতার কামাল, জিসানউদ্দিন, ওমর ছিদ্দিক, মিজানুর রহমান, হুমাইরা বেগম, মনজুমন নাহার, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা পক্ষকালব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।