ঈদের এখনো অনেক দেরি, কিন্তু তাতে কী? ঈদের বহু আগে থেকেই শপিং মলগুলোয় মানুষের কঠিন ভিড়। ভিড় তো হবেই, গুঁড়া মসলা থেকে শুরু করে টেলিভিশন—সবকিছুর ওপরই চলছে ঈদের বিশেষ ছাড়। অভাবনীয় সব অফার! কিন্তু মানুষের এই উপচেপড়া ভিড় দোকানমালিক বা কর্মচারীদের জন্য সুখকর হলেও জাতির জন্য হুমকিস্বরূপ। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠছে বহুতল শপিং মল। খুবই চমৎকার ব্যাপার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এ শপিং মলগুলো যে মানুষের কত ক্ষতি করছে, তা কেউ ভেবে দেখছে না। বর্তমানে অধিকাংশ শপিং মলে ঢুকলেই দেখা যায়, চলন্ত সিঁড়ি অথবা আধুনিক লিফট ওঠা-নামা করছে। মানে, ওপরে ওঠার সহজ পথ যাকে বলে। আজকাল ওপরে ওঠা বেশ সহজ কাজ হয়ে গেছে। মানুষ হাসিমুখে চলন্ত সিঁড়ি বা লিফটে পা রেখে নিমেষেই উঠে যাচ্ছে ওপরে। দারুণ ব্যবস্থা! অবস্থা এমন দাঁড়িয়েছে, আশপাশে খুঁজেও সনাতন ধারার সিঁড়ি পাওয়া যায় না। তা ছাড়া চোখের সামনে চলন্ত সিঁড়ির ওঠা-নামা দেখে কে যায় কষ্ট করে সনাতনি সিঁড়ি বেয়ে উঠতে? কিন্তু এটা যে কত ক্ষতিকর, তা কেউ চিন্তাই করছে না। এমনিতেই দেশে বিদ্যুতের তীব্র সংকট। অবস্থা এত খারাপ যে এসি কম ব্যবহার করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। অথচ এমন সংকটময় পরিস্থিতিতে চলন্ত সিঁড়ি বা লিফট ব্যবহার করার কারণে বিদ্যুৎ খরচও হচ্ছে বেশ। খুবই আফসোসের ব্যাপার। তা ছাড়া এতে মানুষের কায়িক পরিশ্রম ব্যাহত হচ্ছে। আজকাল এমনিতেই মানুষ কায়িক পরিশ্রমের সুযোগ পায় না। শপিংয়ে এসেও যদি সেই সুযোগ না পাওয়া যায়, তাহলে চলবে কী করে? মানুষ তো আরও অলস হয়ে পড়বে। তা ছাড়া আজকাল সুপারশপ নামে একটি ব্যাপার চালু হয়েছে। এক দোকানেই সব পাওয়া যায়। এগুলো মানুষকে আরও বেশি অলস করে দিচ্ছে। আগে ডিম কিনতে যেতে হতো মাছের বাজারে, সেখান থেকে সবজির বাজার, সবজি থেকে মাংস, মাংস থেকে ফল, ফলের বাজার থেকে...সব মিলিয়ে ব্যাপক ঘোরাঘুরি। এতে ভ্রমণ হতো, কায়িক পরিশ্রম হতো, স্বাস্থ্যও থাকত ফিট। আর এখন এক দোকানে ঘুরে ঘুরে এসবের কিছুই হয় না। ফলে মানুষ হচ্ছে আরও অলস, আরও মোটা! কর্তৃপক্ষ অবশ্য এ ব্যাপারে নির্বিকার। আশা করছি, এবার তারা ঘুরে দাঁড়িয়ে অবিলম্বে এ বিষয়টি খতিয়ে দেখবে।