শপিং মলে ফেলুদা
রহস্য-রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর মতে, বর্তমানে বাঙালিদের কেনাকাটার সেরা জায়গা হলো ঢাকা শহর। তাঁর এ মতামত অবশ্য সাম্প্রতিক। জটায়ুর উপন্যাসের প্রখর রুদ্র চরিত্রটি নিয়ে ঢালিউডে চলচ্চিত্র নির্মাণ করা হবে। নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা মিশা। ঢাকায় তাঁর গল্প নিয়ে সিনেমা নির্মিত হবে—এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত জটায়ু। আমরা এসেছি ছবির মহরত অনুষ্ঠানে। মিশাকে দেখে লালমোহনবাবু তো দারুণ খুশি। মিশাই নাকি প্রখর রুদ্র চরিত্রের জন্য একেবারে পারফেক্ট। আপনি মিশার কোনো ছবি দেখেছেন? ফেলুদা প্রশ্ন করলেন।দেখার আর সুযোগ পেলাম কোথায় মশাই! জটায়ু হাসলেন। তবে যা দেখলাম, তাতে মনে হলো ও-ই সেরা। ফেলুদা বললেন, ‘এসেছি যখন পুজোর বাজারটা সেরেই নিই, কী বলিস তোপসে। শুনেছি, ঈদের মার্কেটে অনেক নতুন নতুন আইটেম এখানে পাওয়া যায়।’ সায় দিলাম আমি। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিখ্যাত এক শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে। লিফট না সিঁড়ি কোন দিক দিয়ে উঠব, তা-ই বুঝতে পারছি না।ফেলুদা বললেন, ‘লালমোহনবাবু, চলুন, সিঁড়ি দিয়ে আগে ওপরে উঠি। তারপর দেখতে দেখতে আর কিনতে কিনতে নিচে নামা যাবে।’জটায়ু অবশ্য চলন্ত সিঁড়িতে পা দিতেই পড়ে যাচ্ছিলেন প্রায়। আমি না ধরলে পড়েই যেতেন।ফেলুদা বললেন, তোপসে, মানিব্যাগ সাবধানে রাখিস। পিকপকেট হয়ে গেলে গোয়েন্দাগিরি আর কাজে আসবে না।মুগ্ধ চোখে মার্কেট দেখতে দেখতে নয়তলায় পৌঁছালাম। এবার নামার পালা। আমাদের তিনজনের সঙ্গে একটা মেয়ে ঝুড়ি নিয়ে লিফটে উঠল। সঙ্গে সঙ্গে চমৎকার গন্ধে ভরে গেল লিফটের ভেতরটা।নিশ্চয়ই ‘এল পাসো’। আমি মুখ ফসকে বলে ফেললাম।‘আরে না মশাই। এ সুগন্ধ নিশ্চয়ই ব্রুটস-এর।’ জটায়ু বললেন।ফেলুদা বললেন, ‘উঁহু, হলো না। এটা ডেনিম-এর।’তিনতলায় নামার সময় মেয়েটি আমাদের দিকে চেয়ে হাসল, এ গন্ধ হচ্ছে আমার ঝুড়িতে রাখা পাকা আমের। ফেলুদা গম্ভীর হয়ে গেলেন।দোতলায় নেমে কিছুদূর এগোতেই টের পেলাম জটায়ু সঙ্গে নেই। নিশ্চয়ই লিফট থেকে নামতে পারেননি। নামলাম বেসমেন্টে। নেই।জটায়ু ওখানেও নেই। লিফটে করে নয়তলা, আটতলা, সাততলা, ছয়তলা ক্রমানুসারে খুঁজে দোতলায় এসে দেখি, বেচারা লিফটের সামনেই দাঁড়িয়ে আছেন। হারিয়ে যাওয়ার ভয়ে জটায়ু এই এসিযুক্ত মার্কেটেও একেবারে ঘেমে-নেয়ে একাকার হয়ে গেছেন। কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করতেই বললেন, ওয়াশরুমে গিয়েছিলাম।একটা সোনার গয়নার দোকানে ঢুকলাম আমরা। বলিউডের সুরকার বাপ্পী লাহিড়ীর একটা কেস সমাধান করার পর থেকে ফেলুদাকে সোনার গয়না কেনার রোগে পেয়েছে।দোকানের মালিক মি. অনিন্দ্য বসু অবশ্য আমাদের চিনে ফেললেন। ‘কেমন করে চিনলেন?’ জিজ্ঞেস করলেন ফেলুদা।‘বা রে, টিভিতে আপনাদের দেখাচ্ছে না?’ মালিকের বিগলিত হাসি।আমাদের সৌজন্যে চা এল। ফেলুদা একখানা সোনার আংটি পছন্দ করে কিনে ফেললেন। জটায়ু আর আমি দোকানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম।বের হতে যাব, এমন সময় মি. বসু পেছন থেকে ডাক দিলেন, ‘মি. মিত্তির, একটু শুনুন’, বলে ফেলুদাকে এক কোণে ডেকে নিয়ে ফিসফিস করে কী যেন বললেন। ফেলুদা বললেন, ‘ঠিক আছে, আমি দেখছি, কী করা যায়।’দোকানের ভেতরের অফিসে বসলাম আমি আর ফেলুদা। জটায়ু মার্কেট ঘুরে দেখার জন্য বেরিয়ে গেলেন। আমাদের সামনে এসে বসলেন এক মহিলা। একটু আগে তিনিও আমাদের সঙ্গে দোকানে কেনাকাটা করছিলেন। ফেলুদা বললেন, একটু আগে দোকানের ভেতর থেকে একটা দামি জিনিস খোয়া গেছে। তাই আমি প্রখ্যাত গোয়েন্দা ফেলু মিত্তির আপনার ভ্যানিটি ব্যাগ সার্চ করব। প্লিজ, রাগ করবেন না। মহিলার ব্যাগ থেকে টাকা, মোবাইল, মেয়েলি জিনিস আর টিভি রিমোট বের হলো।‘ব্যাগে টিভি রিমোট কেন?’ ফেলুদা জিজ্ঞেস করলেন।‘আসলে আমার স্বামী ভীষণ কিপটে আর অলস। খালি বসে বসে টিভি দেখে। সামনে ঈদ, অথচ শপিং করবে না। তাই আমি রাগ করে রিমোট নিয়ে এসেছি, যাতে ও টিভি দেখতে না পারে।’মহিলা চলে যাওয়ার পরে যে লোকটা ঢুকল, তাকেও ফেলুদা একই কথা বললেন।সব শুনে লোকটা হাসল।‘আমার কাছে টাকা, মানিব্যাগ, রুমাল কিচ্ছু নেই, স্যার। এম্পটি পকেট।’‘তাহলে এত বড় মার্কেটে ঢুকেছেন কেন? চুরি করতে?’‘না স্যার। টিভি ক্যামেরায় ছবি তুলতে, স্যার। গরিব মানুষ, তাই কেউ আমাদের শপিংয়ের ছবি তোলে না। এইখানে থাকলে যদি টিভিতে ছবি দেখায়—এই আশায় ঢুকছি।’হোটেলে ফিরে এলাম আমরা। হারানো দামি জিনিসটা কী, সে সম্বন্ধে কোনো ধারণাই পেলাম না।পরদিন হোটেলেই বন্দিদশা কাটালাম তিনজনে। সেটা উপায় ছিল না বলেই। ফেলুদাকে দেখলাম ছটফট করতে। সেটা কি রহস্যের সমাধান করার জন্য, নাকি লুজ মোশনের জন্য—বুঝতে পারলাম না। শপিং শেষে যে ফাস্ট ফুড মজা করে বেশি বেশি খেয়েছিলাম তিনজনে তার ফলাফল হাতেনাতে পেয়েছি। লুজ মোশনে আমরা তিনজনেই কাহিল। সবচেয়ে ভয়ানক অবস্থা লালমোহনবাবুর। বেচারা তো ওয়াশরুম থেকে বলতে গেলে বের হতেই পারছেন না। স্যালাইন পানি খেয়ে খেয়ে ফেলুদা লুজ মোশন থেকে ছাড়া পেলেও জ্বর এসে আস্তানা গেড়েছে শরীরে।ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল ফোন।খুট করে শব্দ হতেই দেখি, ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন জটায়ু।ফোনে কথা সেরে ফেলুদা বললেন, রহস্যের সমাধান হয়ে গেছে। সোনার চেইন লাগানো যে ঘড়ি দোকান থেকে সেদিন চুরি হয়েছে, পুলিশ ইতিমধ্যে ওই ঘড়ি চুরির সঙ্গে জড়িত সন্দেহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে। ইতিমধ্যে দুজন স্বীকারোক্তিও দিয়েছে।আর্তনাদ করে উঠলেন জটায়ু। এতসব কাণ্ড তাহলে ওই ঘড়ি নিয়ে!‘হ্যাঁ। কেন বলুন তো? আপনি কিছু জানেন?’‘বা রে মশাই—দোকানে ঢোকার মুখে দেখলেন না লেখা আছে, “ক্রয় করলে হাতঘড়ি ফ্রি”। তাই আমি ভাবলুম, আপনি তো আংটি কিনলেনই, তখন ফ্রি ঘড়িটা না হয় আমিই নিই। আপনি তো আবার ফ্রি জিনিস পছন্দ করেন না। তাই আমিই ঘড়িটা নিয়ে এসেছি।’উফ্! বলে পেট চেপে ধরলেন জটায়ু। এবার বুঝেছি, ভগবান কেন আমাকে এমন শাস্তি দিচ্ছেন।’—বলেই আবার ওয়াশরুমের দিকে দৌড় দিলেন।ধপাস করে শব্দ হতেই দেখি, ফেলুদা জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে গেছেন। সেটা কি জ্বরের ঘোরে, নাকি রহস্যের সমাধান না করতে পারার যন্ত্রণায়—ঠিক বুঝতে পারলাম না। প্রভাষক, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।