শফি সম্পদশালী তোফাইলের মামলা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আয় ও সম্পদের দিক থেকে এগিয়ে আছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। এ ক্ষেত্রে পিছিয়ে আছেন নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। সাধারণ ভোটারদের মতে, প্রার্থীরা যে রকম কম আয় ও নির্বাচনী খরচ দেখাচ্ছেন, প্রকৃত আয় ও খরচ তার চেয়ে অনেক বেশি হবে, তবে তা প্রমাণ করা কঠিন। ২৩ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মামলায় এগিয়ে তোফাইল, সম্পদে শফি: চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯-দলীয় জোটের তোফাইল আহমদ এবং আওয়ামী লীগের শফিউল্লাহ। একাধিক মামলায় অভিযুক্ত তোফাইল এখন কারাবন্দী। তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর স্ত্রী, ভাইবোনসহ নিকটাত্মীয়রা। এ সুযোগে কর্মী-সমর্থকদের নিয়ে পুরো মাঠ চষে বেড়াচ্ছেন শফিউল্লাহ।
ভোটারদের মতে, দলীয় সমর্থন আর টাকার জোর—দুটোই শফিউল্লাহর বড় শক্তি। আর তোফাইলের গড়ে উঠছে কারাবন্দী নেতার ভাবমূর্তি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, দুজনই উচ্চশিক্ষিত, শিক্ষকতাও করেছেন স্থানীয় কলেজ-মাদ্রাসায়। তোফাইলের বিরুদ্ধে রামু বৌদ্ধপল্লিতে হামলাসহ মোট মামলা রয়েছে ১০টি। আর শফির বিরুদ্ধে রয়েছে দুটি।
তোফাইলের বার্ষিক আয় কৃষি খাত থেকে ৩০ হাজার, উপজেলা চেয়ারম্যান হিসেবে ভাতা দুই লাখ ১০ হাজার ও স্ত্রীর চাকরি থেকে ৩৬ হাজার টাকাসহ দুই লাখ ৭৬ হাজার টাকা। তাঁর ২০ ভরি স্বর্ণ থাকলেও স্ত্রীর কোনো স্বর্ণ নেই। নিজের সাত লাখ এবং স্ত্রীর দুই লাখ নগদ টাকা আছে। এ ছাড়া তাঁর নিজের নামে জমি আছে ১৫ একরের বেশি।
অন্যদিকে, শফিউল্লাহর আয় তোফাইলের চেয়ে অনেক বেশি—প্রায় ২৩ লাখ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে পাঁচ লাখ, দোকানভাড়া থেকে ছয় লাখ এবং ব্যবসা থেকে আসে ১২ লাখ টাকা। তাঁর নগদ টাকা আছে তিন লাখ, ব্যাংকে জমা আছে ১০ লাখ। স্ত্রীর নামে স্বর্ণ আছে ৩০ ভরি। শফিউল্লাহ পেশায় ব্যবসায়ী। তাঁর কৃষিজমি আছে ১৮ একরের বেশি।
তোফাইলের ঘনিষ্ঠজনেরা জানান, ক্ষমতার পাঁচ বছরে তাঁর আয়ের প্রায়ই মামলার পেছনে খরচ হয়ে গেছে। এখন তিনি কারাবন্দী হওয়ায় নিকটাত্মীয় ও সমর্থকেরা তাঁর নির্বাচনী খরচের জোগান দিচ্ছেন।
স্বামীর টাকায় নির্বাচন: আওয়ামী লীগ-সমর্থক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওজিফা খাতুন স্নাতক ডিগ্রিধারী, পেশায় গৃহিণী। হাতে নগদ টাকা আছে মাত্র ৫০ হাজার। এই টাকায় নির্বাচন করা সম্ভব? জানা গেছে, ওজিফার স্বামী নুরুল ইসলাম মৃধার হাতে নগদ টাকাই আছে তিন কোটি। স্বামীর টাকা দিয়ে নির্বাচনী বৈতরণি পার হবেন ওজিফা।
অষ্টম শ্রেণী পাস বিএনপি-সমর্থক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হামিদা চৌধুরী বর্তমানেও ভাইস চেয়ারম্যান। তোফাইল আহমদের অবর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। হামিদার আয় ভাইস চেয়ারম্যান হিসেবে বেতন-ভাতা এক লাখ ২৩ হাজার টাকা ও কৃষি খাত থেকে ৬০ হাজার টাকা। তাঁর নগদ তিন লাখ, ব্যাংকে ৭৫ হাজার টাকা রয়েছে।
সবচেয়ে কম টাকায় নির্বাচন: এইচএসসি পাস উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী চো চু মং মার্মার নগদ টাকা আছে মাত্র ২০ হাজার। ব্যাংকে আছে ১৫ হাজার। পেশায় ব্যবসায়ী চু মং মারমা কৃষিখাত থেকে এক লাখ ২০ হাজার, দোকান ভাড়া থেকে ২৪ হাজার এবং ব্যবসা থেকে এক লাখ ২৪ হাজার টাকা আয় করেন। তবে পেশায় হোমিও চিকিৎসক, বিএনপি সমর্থক ফরিদ আহমদ আরেকটু স্বচ্ছল। তাঁর নগদ এক লাখ ও ব্যাংকে জমা আছে এক লাখ টাকা। ব্যবসা থেকে আয় করেন তিন লাখ ৬০ হাজার টাকা।