শব্দদূষণ থেকে শব্দ-তোষণ
রাজনৈতিক চাপাবাজি থেকে ফুটপাতের খুজলি-পাঁচড়ার ওষুধ বিক্রির লেকচার। আলোচনার গোলটেবিল থেকে চায়ের দোকানের লম্বা বেঞ্চের গলাবাজি। অথবা টক শো থেকে হুপিং কাশি রোগীর খকখক—কোথায় নেই শব্দ। রাজনৈতিক মঞ্চে শব্দ হয়, ‘ভাইসব, আপনাদের দুঃখে আমার মন হু হু করে ওঠে। আমি চাই আপনাদের সুখে-দুঃখে পাশে পাশে থাকতে। আপনারা আমাকে একবার নির্বাচিত করে দেখুন, সারা জীবন মনে রাখবেন।’তা মনে তো রাখতেই হবে, সুখে এবং দুঃখে পাশে থাকলেই তাঁর লাভ। সুখের দিনে সুখে ভাগ বসাবেন আর দুঃখের দিনে সাহায্যের ঝোলা ফাঁকা করে দেবেন।ওদিকে টক শোতে যে আওয়াজ শুনি তার সঙ্গে হুপিং কাশির খকখকের পার্থক্য করা মুশকিল। চলছে তো চলছে, একই রিদমে। তবে যা-ই হোক, এবার সুখবর নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। শব্দকে আর মোটেও শত্রু মনে হবে না। তাকে এত দিন যাঁরা দুশমন ভেবেছেন, এখন তাঁরা ভাববেন পরম দোস্ত। তার ব্যবস্থা করেছেন এক মোবাইল গবেষক। তিনি কথা থেকে মোবাইল ফোন চার্জ করার এক দুর্লভ প্রযুক্তি আবিষ্কার করেছেন। মুখের সামনে রেখে কথা বললেই মোবাইল চার্জ হতে থাকবে। তবে এখনো সেটার কিছু দুর্বলতা আছে। কথা বললে মোবাইল চার্জ হয় পঞ্চাশ ভাগ। তবে বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই পুরো চার্জ হবে। অর্থাৎ মোবাইলের মালিক কথা বলতে গিয়ে যতটা চার্জ ক্ষয় করে ফেলবেন, ততটাই আবার কথার জন্য তৈরি হয়ে যাবে। যেহেতু বিজ্ঞান কখনোই থেমে থাকে না, সেহেতু কয়েক দিনের মধ্যেই আমরা দেখতে পাব যে একটা বাক্য বললে ১০ মিনিট লাইট জ্বলার চার্জ হয়ে গেছে। ২০ মিনিটে এক ঘণ্টা পাখা চলার চার্জ পাওয়া গেছে। তখন আমাদের করণীয় হবে রাজনীতির মঞ্চের নায়কদের উৎসাহ প্রদান করা। তাঁরা যেন নতুন নতুন গালভরা বুলি নিয়ে হাজির হন আমাদের সামনে। আমরা যে যার ব্যাটারি চার্জার তাঁর মুখের সামনে ধরব আর দিব্যি সেটা চার্জ হয়ে যাবে। আর এই রাজনৈতিক গলাবাজির ফলে শুরু হবে চ্যানেলে চ্যানেলে টক শো। টক শোয়ের স্টুডিওতে থাকবে নানা মাপের চার্জার। আর তাতেই দেখা যাবে পুরো চ্যানেলের বৈদ্যুতিক সমস্যার সমাধান হয়ে গেছে। আবার ঘরের আলোর জোর কমে এলেই গিন্নিকে উসেক দিতে হবে। ব্যস, তার ‘টকিং-মেশিন’ চালু হয়ে যাবে। আর কোনো চিন্তা থাকবে না, ঘর আলোয় ঝকমক করে উঠবে। শুধু নিজের কানটাকে কোনোমতে সামলে রাখতে পারলেই হলো। টকেটিভ জাতি হিসেবে আমাদের তখন আর বিশ্বজোড়া দুর্নাম থাকবে না, হয়ে যাবে সুনাম। আমাদের উৎক্ষেপিত শব্দকে দুনিয়ার মানুষ তখন দূষণ বলবে না, বলবে তোষণ।