শব্দনোঙরের 'আজ সৃষ্টি সুখের উল্লাসে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজিত শব্দনোঙরের অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মাহবুবুল হক
নজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজিত শব্দনোঙরের অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মাহবুবুল হক

জয় বাংলা শব্দটি প্রথম উচ্চারিত হয়েছিল কবি কাজী নজরুলের কণ্ঠ থেকে। কেননা তিনি বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, মুক্তি পেতে চেয়েছিলেন পরাধীনতা থেকে। তাই বিদ্রোহ করেছিলেন। মানুষের অধিকারের কথা বলায় তাঁকে কারাগারে নিক্ষেপ করা হয়। পৃথিবীতে আর কোনো কবি সাম্য ও মানবতার জন্য এতটা সোচ্চার ছিলেন না। শব্দনোঙর আবৃত্তি সংগঠনের আয়োজনে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ভাষা গবেষক ড. মাহবুবুল হক এ কথা বলেন।
২ জুন শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। সভাপতিত্ব করেন শব্দনোঙরের সভাপতি হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী ও কবি ওমর কায়সার। শব্দনোঙরের সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল আবৃত্তি, নৃত্য, শ্রুতি নাটক ও সংগীতের আয়োজন।
নজরুলসংগীত পরিবেশন করেন লোকমান চৌধুরী রাসু, অপু বর্মণ, মুনমুন চৌধুরী, তাসনিয়া তাহসিন তিতলি। আবৃত্তি পরিবেশন করেন অঞ্চল চৌধুরী, ফারুক তাহের, মছরুর হোসেন, নিশাত হাসিনা শিরিন, মো. মুজাহিদুল ইসলাম, সঞ্জয় পাল, সুপ্রিয়া চৌধুরী, কনা দাশ, সুমি চৌধুরী, মুহাম্মদ সেলিম ভূঁইয়া ও ইকবাল হোসেন, সারাবান তানিয়া, নাহিদ নেওয়াজ, ম সিফাত সরোয়ার, অনন্যা দশ, সাদমান তৌসিফ, রুবিনা আক্তার, হাসান জাহাঙ্গীর, হাসান জাদিদ মাশরুখ, আজিজুল কাদির, নাহিদ নেওয়াজ, দিলরুবা খানম ও হাসান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে ভিন্ন মাত্রা নিয়ে আসে আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীরের কণ্ঠে বিদায় বেলায়, বিদ্রোহী ও অঞ্জলি লহ মোর তিনটি একক আবৃত্তির সঙ্গে সুরাঙ্গন বিদ্যাপীঠের হিল্লোল দাশের নির্দেশনায় নৃত্যশিল্পীদের একক ও দ্বৈত নৃত্য পরিবেশনা। হাসান জাহাঙ্গীর নির্দেশিত কাজী নজরুল ইসলামের শ্রুতিনাটক শিল্পীতে অংশ নেন নিবেদিকা পাল, বর্ষা চৌধুরী ও সঞ্জয় সুন্দর। সবশেষে ছিল আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের গ্রন্থনা ও নির্দেশনায় শিশুদের বৃন্দ আবৃত্তি ‘সকাল বেলার পাখি’। অনুষ্ঠানের দিন শব্দনোঙরের অসাধারণ মঞ্চসজ্জা উপস্থিত দর্শক শ্রোতাদের নজর কেড়েছে।