শব্দনোঙরের আবৃত্তিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুন-সন্ত্রাসে কাঁদে কবিতার মন’ স্লোগানে তিন দিনব্যাপী আবৃত্তিমেলা নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কথামালা, নাচ, গান ও কবিতার ছন্দে মুখর এই অনুষ্ঠানের আয়োজন করে শব্দনোঙর আবৃত্তি সংগঠন।
৪ এপ্রিল মেলার সমাপনী দিন ছিল দশর্ক-শ্রোতাদের উপচে পড়া ভিড়। অনুষ্ঠানের শুরুতে শব্দনোঙর আবৃৃত্তি সংগঠনের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। কথামালার পর্ব শেষে শুরু হয় আবৃত্তির আয়োজন। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে এতে অংশ নেন মাসকুর-এ-সাত্তার, কাজী মাহতাব সুমন, আবু নাসের, আয়েশা হক, মছরুর হোসেন, বনকুসুম বড়ুয়া, ফজলে এলাহী ও প্রতীতি পর্ণা। একক আবৃত্তি পরিবেশন করেন শব্দনোঙর আবৃৃত্তি সংগঠনের সদস্যরা। সঞ্জয় সুন্দরের কণ্ঠে ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’ গানটির সঙ্গে আবৃত্তি করেন বর্ষা চৌধুরী। এরপর ছিল অমিতাভ ভট্টাচার্যের রচনা ও দিলরুবা খানমের নির্দেশনায় ‘লাভ থেরাপি’ শিরোনামে শ্রুতিনাটক।
আবৃত্তি মেলার দ্বিতীয় দিনে ছিল কবিকণ্ঠে কবিতা পাঠ, একক আবৃত্তি, গানের সঙ্গে আবৃত্তি, একাত্তরের চিঠি পাঠ, শ্রুতি নাটক ও সংগীতের পরিবেশনা। দর্শকদের ভালো লেগেছে রাজশ্রী সরকার ও নাহিদ নেওয়াজের একাত্তরের চিঠি পাঠ এবং হাসান জাহাঙ্গীর নির্দেশিত হিয়ারিং এইড শিরোনামে শ্রুতিনাটকের পরিবেশনা।
২ এপ্রিল মোমবাতি জ্বালিয়ে এ আবৃত্তিমেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবেদ খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আনোয়ারা আলম, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, নাট্যজন সাইফুল আলম ও সমাজসেবক মাহমুদুল হক। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা খানম।