শব্দরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষায় মজার কিছু শব্দ আছে। খুব পরিচিত এই শব্দগুলোর মানে আমরা সবাই জানি। কিন্তু যার বা যাদের ওপর এগুলোর প্রভাব পড়ে, কেমন হয় তাদের অনুভূতি? দেখাচ্ছেন আহাদ আদনান

মৃদু
মৃদু মানে হালকা বা অল্প। পত্রিকায় আমরা প্রায়ই পড়ি, ‘শৃঙ্খলা রক্ষার জন্য অমুক জায়গায় পুলিশের মৃদু লাঠিচার্জ।’ এখন যার পশ্চাদ্দেশ লাঠির আঘাতে ফুলে গেছে, তাকে একবার জিজ্ঞেস করুন, ‘ভাই, আপনাকে নাকি মৃদু লাঠিচার্জ করা হয়েছে?’ উত্তর পেতে দেরি হবে না।

বিচ্ছিন্ন
সামনেই নির্বাচন। প্রায়ই খবরে আসবে, ‘সব স্বাভাবিক, শুধু কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ।’ অথচ খবর নিলে দেখা যাবে, ওই ‘বিচ্ছিন্ন’ সংঘর্ষ আসলে ছিল ব্যাপক যুদ্ধ!

ডিগবাজি
রাজনীতির কথা যেহেতু এল, তাহলে ডিগবাজির কথাও আসা উচিত। অভিধানে ‘ডিগবাজি’ মানে মাথার ওপর ভর দিয়ে সামনের দিকে উল্টে পড়া। কিন্তু সমাজে যাঁরা ডিগবাজি খান, তাঁরা বিশাল সাইজের বিশিষ্ট ভদ্রলোক। তাঁরা কী করে দুষ্টু বালকের মতো ‘ডিগবাজি’ খান, আমরা বুঝি না!

ধোলাই
ক্রিকেটের ‘ধবলধোলাই’ বলেন আর রাজপথের উত্তম-মধ্যম ‘ধোলাই’, কোথাও পানি লাগে না, সাবান লাগে না, ফেনাও হয় না। এ আবার কেমন ধোলাই? আবার ইউটিউবে দেখি চিত্রনায়িকা বাতাসিকে ধুয়ে দিলেন আরেক নায়িকা ঝুনঝুনি! যে বা যারা ধোলাই খায়, তাদের কাছে জিজ্ঞেস করুন, এর স্বাদ কেমন!

ধস
‘ধস’ পাহাড়ের হয়, আবার শেয়ারবাজারেও হয়। এমনকি তারকাদের জনপ্রিয়তায়ও ধস নামে। শেয়ারবাজারের ধসে নিঃশব্দে পথে বসে যায় হাজার হাজার লোক। কিন্তু পাহাড়ধসে কেঁপে ওঠে চারদিক। জনপ্রিয়তায় ধস নামা কোনো নায়ককে যদি প্রশ্ন করা হয়, ‘ভাই, আপনার নাকি ধস নেমেছে? কোনো শব্দ তো পেলাম না!’