শব্দায়নের আনন্দ-আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, আবৃত্তি, কথামালা তো ছিলই, বেশি প্রাধান্য ছিল গ্রামবাংলার হারিয়ে যাওয়া নানান জনপ্রিয় খেলার। রুমাল চুরি, বালিশ বদল, বিস্কুট, সুঁই-সুতোসহ নানা প্রতিযোগিতার আয়োজনে শেষ হয়েছে শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের দিনব্যাপী আয়োজন। গত শুক্রবার রামু রাবার বাগান বিশ্রামাগারে এ আয়োজন চলে। শব্দায়ন রামু উপকেন্দ্রের উপপরিচালক মানসী বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন শব্দায়ন কক্সবাজারের পরিচালক জসিম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়ুয়া, সংগীতশিল্পী প্রবীর বড়ুয়া, বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, সৈকত বড়ুয়া ও পরেশ দে প্রমুখ। কথামালায় অতিথিরা বলেন, একটা সময় গেছে গ্রামবাংলার আনাচ-কানাচে নানান গ্রামীণ খেলাধুলার আয়োজন চলত। এ খেলাকে ঘিরে গ্রামের সহজ-সরল মানুষ মেতে উঠতেন আনন্দ উল্লাসে। গ্রামের মানুষের নির্মল আনন্দ-উল্লাসের এ উৎস এখন হারিয়ে গেছে। আবৃত্তি শিক্ষাপ্রতিষ্ঠান হয়েও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার শব্দায়নের এ চেষ্টা প্রশংসনীয়। সকাল ১০টায় শিশুদের রুমাল চুরি প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হয়। এরপর একে একে চলে শিশুদের বিস্কুট খেলা, পুরুষদের সুঁই-সুতো, মহিলাদের বালিশ বদল খেলা। মধ্যাহ্নভোজ শেষে বিকেল পাঁচটায় শুরু হয় গান ও কবিতা আবৃত্তির আসর।শিল্পীদের কণ্ঠে ‘কফি হাউস’, ‘মুখরিত জীবনের চলার বাঁকে’, ‘একি সোনার আলোয়’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’সহ বেশ কিছু গান দর্শকদের আনন্দে ভাসায়। এ পর্বে অংশ নেন জসিম উদ্দিন, প্রবীর বড়ুয়া, পরেশ দে, মানসী বড়ুয়া, সংগীত বড়ুয়া, সুনীল বড়ুয়া, জসিম উদ্দিন, দীপক বড়ুয়া, ফরিদা ইয়াসমিন, কাঁকন বড়ুয়া, পূর্ণধন বড়ুয়া ও চম্পক প্রমুখ। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন, হারমোনিয়ামে প্রবীর বড়ুয়া, তবলায় অসীম বড়ুয়া ও জিপসিতে সমীর বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শব্দায়নের সহকারী পরিচালক মন্দিরা বড়ুয়া।