শব্দায়নের জন্মদিনে কক্সবাজারে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠা উৎসব, কথামালা, আবৃত্তি আর গানে গানে ১ ফেব্রুয়ারি জন্মদিন পালন করল শব্দায়ন আবৃত্তি একাডেমি। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিকেল সাড়ে পাঁচটায় পিঠা উৎসবের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ আয়োজনে স্থান পায় গ্রামবাংলার প্রায় ২০ রকমের পিঠা। ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ সমবেত কণ্ঠে এ কবিতা আবৃত্তি ছিল সাংস্কৃতিক আয়োজনের প্রথম পরিবেশনা। এরপর জন্মদিনের গান। আবার কবিতা। এভাবে আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে পুরোনো দিনের গান আর কথামালা। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন। অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মো. জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রউফ, রামু কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোশতাক আহমদ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও শব্দায়নের মহাপরিচালক আবৃত্তিকার কাজী আরিফ। স্বাগত বক্তব্যে জসীম উদ্দিন বলেন, ‘কালের প্রবাহে এ জনপদের অনেক প্রতিষ্ঠান ও সংগঠন হারিয়ে গেলেও শব্দায়ন টিকে আছে। এর মূলে রয়েছে সবার অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা। উল্লেখ্য, ১৯৮৫ সালের ১ ফেব্রুয়ারি শব্দায়নের জন্ম। সেই থেকে কক্সবাজারে শব্দায়নই বিশুদ্ধ উচ্চারণ, বাচিক শিল্প ও আবৃত্তি নিয়ে নিয়মিত কাজ করে আসছে সংগঠনটি।