শম্ভুনাথের 'প্রত্নসম্পদ রক্ষায়' ইউনেসকো

কাঠমান্ডু উপত্যকার এক পাহাড়চূড়ায় অবস্থিত শম্ভুনাথ মন্দির। বিশালাকার কেন্দ্রীয় স্তূপের ওপর চৌকো কাঠামো, তার ওপর একের পর এক গোলাকার বলয়ে গড়া মন্দিরচূড়া। চৌকো অংশের চারপাশে আঁকা বুদ্ধের চোখ। কাঠমান্ডু শহরের প্রতীকে পরিণত হওয়া এই ঐতিহ্যবাহী মন্দির ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। ভূমিকম্পে নেপালের বহু মন্দির-প্রাসাদই পুরোপুরি ধসে গেছে। কিন্তু সুপ্রাচীন শম্ভুনাথ মন্দিরকে ঘিরে গড়ে ওঠা অনেক স্থাপনা ধসে গেলেও মন্দিরের মূল কাঠামো এখনো দাঁড়িয়ে আছে।
কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে সুপ্রাচীন এই মন্দিরের সমৃদ্ধ প্রত্নসম্পদ নিয়ে। ভূমিকম্পে মূল মন্দিরের একপাশ ক্ষতিগ্রস্ত হলেও সামনের প্রায় সব ছোট ছোট সমাধি, স্তম্ভসহ নানা স্থাপনা এবং মন্দির কমপ্লেক্সের অনেক দোকান-পাট সম্পূর্ণ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত সুবিশাল এই মন্দিরের বিপুল পরিমাণ প্রত্নসম্পদ লুট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই আশঙ্কায় ইতিমধ্যেই শম্ভুনাথ মন্দিরে সাত সদস্যের একটি বিশেষ দল পাঠিয়েছে ইউনেসকো। আইএএনএস-এর বরাত দিয়ে জিনিউজ এ খবর জানিয়েছে।
ইউনেসকো প্রতিনিধিদলটি এখন ধসে যাওয়া ভবনগুলো এবং মূল মন্দিরে রক্ষা পাওয়া প্রত্নসম্পদ ‘উদ্ধার’ করে সেগুলোর ‘রক্ষণাবেক্ষণ ও তালিকা প্রণয়নের’ কাজ করবে বলে জানা গেছে।
ইউনেসকোর পরামর্শক ডেভিড আনদোলফাত্তো ইন্দো-এশিয়ান নিউজকে বলেছেন,‘আমরা ভূমিকম্পে চ্যুত ও নষ্ট হওয়া পাথর ও পোড়ামাটির ফলকসহ নানা প্রত্ন দ্রব্যের একটা তালিকা তৈরি করব। আমাদের প্রথম চিন্তা এগুলোকে লুট হওয়া থেকে রক্ষা করা। তাই আমরা এখানকার একটা গুদামঘরের চাবি পাওয়ার চেষ্টা করছি, যাতে আমরা উদ্ধার করা জিনিসগুলো সেখানে সংরক্ষণ করতে পারি।’
তিনি আরও বলেন,‘আমরা এখনই পুনর্নির্মাণের কথা ভাবছি না, কেননা সে জন্য অর্থ প্রয়োজন। আর বস্তুসামগ্রীগুলো উদ্ধার করতে পারলেই পুনর্নির্মাণের সুযোগ হবে। এই মুহূর্তে আমরা কেবল উদ্ধার কাজ করছি।’
শম্ভুনাথ মন্দিরের কাজ শেষে কাঠমান্ডুর দরবার স্কয়ার ও কাষ্ঠমণ্ডপ মন্দিরে একই ধরনের ‘উদ্ধার কাজ’ পরিচালনা করবে ইউনেসকোর এই সাত সদস্যের বিশেষ দল। শম্ভুনাথ মন্দির এলাকা থেকে প্রায় এক হাজার মাটির দ্রব্য উদ্ধার করেছে এই দলটি। তাদের দাবি এই দ্রব্যগুলোর অস্তিত্ব এই প্রথম ‘আবিষ্কৃত হলো’।
ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের মধ্যে নেপালের সাতটি বিখ্যাত স্থাপনা রয়েছে। এগুলো হলো কাঠমান্ডু, ভক্তপুর ও পাতান নগরের তিন দরবার চত্বর, শম্ভুনাথ, বুদ্ধনাথ এবং পশুপতিনাথ ও ছাঙ্গুনারায়ণ মন্দির।
নেপালসহ এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর একটি বলে বিবেচনা করা হয় শম্ভুনাথ মন্দিরকে। বৌদ্ধদের মতোই হিন্দুরাও এই মন্দিরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। এই মন্দির ও পাহাড়ে বিপুলসংখ্যক বানর থাকায় অনেকে একে বানর-মন্দির বলেও ডেকে থাকে।