শয়তান যখন সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংকটে শয়তান নাটকের একটি দৃশ্য
সংকটে শয়তান নাটকের একটি দৃশ্য

শয়তানের প্ররোচনায় মানুষ সংকটে পড়ে, কিন্তু শয়তানও কি সংকটে পড়তে পারে? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল ১৮ এপ্রিল নগরের স্টুডিও থিয়েটারে নাট্যদল অনাদিকল্প আয়োজিত বৈশাখী নাট্যসন্ধ্যায়। সেদিন মঞ্চস্থ হয় দলটির ১৪তম নাটক সংকটে শয়তান ।
মিসরীয় নাট্যকার তাওফিক আল হাকিমের যুদ্ধবিরোধী নাটক আস শয়তানু ফিল খতর থেকে অনূদিত সংকটে শয়তান । নাটকটি অনুবাদ করেন আহসান সাইয়েদ। নির্দেশনা ও পাণ্ডুলিপি পুনর্নির্মাণে ছিলেন মাসউদুর রহমান।
এ নাটকে যুদ্ধকে আঘাত করা হয়েছে হাস্যরসাত্মক গল্পের মধ্য দিয়ে। নাটকের কাহিনি পরিক্রমায় দেখা যায়, যুদ্ধবাজেরা প্রতিনিয়ত পুরো পৃথিবীটাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু যে শয়তানের প্ররোচনায় এমন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই শয়তানও একসময় ভাবতে থাকে মানুষ যদি নিজেদের যুদ্ধে যুদ্ধে বিলীন করে দেয়, তাহলে তার কোনো কাজ থাকবে না। তাই শয়তান পৃথিবীর যুদ্ধবাজদের কানে কানে যুদ্ধ বন্ধের পরামর্শ দিলেও তারা শান্তির নামে যে পদক্ষেপ নেয়, তা যুদ্ধকে আরও ভয়াবহ রূপে নিয়ে যায়। এতে শয়তান নতুন করে ভাবনায় পড়ে।
একসময় এই সমস্যা থেকে মুক্তি পেতে শয়তান নারীর বেশ নিয়ে শরণাপন্ন হয় এক দার্শনিকের। দার্শনিকের কাছে শয়তান নিজের সমস্যার কথা খুলে বলে। আত্মভোলা দার্শনিক নিজের দর্শনশাস্ত্র ঘেঁটে তাকে মুক্তির পথ বাতলে দেওয়ার আগেই শুরু হয়ে যায় প্রতিদিনকার দাম্পত্য জীবনের অশান্তি। শয়তান দাঁড়িয়ে দেখতে থাকে দার্শনিকের স্ত্রীর যুদ্ধংদেহী আধিপত্যমূলক রূপ। যে দার্শনিকের কাছে সে পৃথিবীর যুদ্ধ বন্ধ করার পরামর্শ নিতে এসেছিল, তার ঘরেই বিরাজ করছে আরেক যুদ্ধ। শেষ পর্যন্ত দার্শনিকের দাম্পত্য জীবনের এই অশান্তির জন্য দায়ী হয় শয়তান নিজেই, কারণ সে–ই সব অশান্তির প্ররোচনাকারী। আর শয়তান নিজের সংকটের সমাধান পেতে পালিয়ে বেড়ায়।
এ নাটকে অভিনয় করেছেন সাদিয়া আফরিন, আয়শা মুক্তা ও তারিক আজিজ। আলোক প্রক্ষেপণে রাফসান গালিব এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন শাকুর শাহরিয়ার। বৈশাখী নাট্যসন্ধ্যার এ আয়োজনে আরও ছিল মাসউদুর রহমানের ‘পোয়েট্রি অব সাইলেন্স’ শিরোনামে একক মূকাভিনয়।