শয্যা বাড়লেও সেবা বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুপাতে সেবার মান বাড়েনি। এ কারণে এই এলাকার মানুষজন প্রতিনিয়ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটি গত ২০০৬ সালের ১ জুন ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। ২০০৭ সালে এ জন্য প্রায় এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। তবে চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য কর্মচারী নিয়োগ না দেওয়ায় গত সাত বছরেও অবশিষ্ট ১৯ শয্যার ওয়ার্ড চালু করা যায়নি।
গত ১০ ডিসেম্বর সকাল ১০টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে সারি করে দাঁড়িয়ে আছে কয়েক শ রোগী। তঁাদের চিকিৎসা দিচ্ছিলেন চারজন চিকিৎসক। আর অন্তর্বিভাগে একজন আবাসিক চিকিৎসক রোগী দেখছিলেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মাতারবাড়ি ইউনিয়নের তিতা মাঝিরপাড়ার বাসিন্দা জালাল আহমদ বলেন, কয়েক দিন আগে একজন প্রসূতি রোগী নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এলেও কোনো কাজ হয়নি। পরে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ওই রোগীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
গোরকঘাটার স্থানীয় বাসিন্দা জালাল আহমদ বলেন, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র প্রতিষ্ঠান এই হাসপাতাল। এ হাসপাতালে ২৮ জন চিকিৎসকের স্থলে নয় জন ও ১৪ জন সেবিকার স্থলে আছেন মাত্র দুজন।
ফলে দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মচারীর সংকট লেগে আছে। চিকিৎসক ও কর্মচারী নিয়োগ দেওয়ার ব্যাপারে কারও মাথাব্যথা নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, সাত বছর আগে এই হাসপাতালে শয্যা বাড়লেও তা রোগীদের কাজে আসছে না। সেবার মান রয়ে গেছে আগের মতোই। এ কারণে দ্বীপের মানুষ চিকিৎসাসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হলেও তা দেখার কেউ নেই।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এখানে চিকিৎসকেরা বেশি দিন থাকতে চান না। নিয়োগ দেওয়া হলেও তাঁরা তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। ফলে যাওয়ায় দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসক ও সেবিকাসংকট লেগেই আছে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, জরুরি ভিত্তিতে সেবিকা নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। এর ফলে ১৯ শয্যার ওয়ার্ডও চালু করা সম্ভব হয়নি।