এক বছর আগে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। এ জন্য নতুন ভবন নির্মাণ করে ওই ভবনের দোতলায় অতিরিক্ত ১৯ শয্যা, অস্ত্রোপচার কক্ষ (ওটি) এবং নিচতলায় বহির্বিভাগ স্থাপন করা হয়। শয্যা সম্প্রসারণের পর থেকে রোগীর সংখ্যাও বাড়তে থাকে হাসপাতালে। কিন্তু সে অনুপাতে নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় জনবল। এ ছাড়া অতিরিক্ত ১৯ শয্যায় চিকিৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। অস্ত্রোপচারও বন্ধ। অস্ত্রোপচারের যন্ত্রপাতি অলস পড়ে রয়েছে। কক্ষগুলো প্রায় সময় তালাবদ্ধ থাকে। ফলে উপযুক্ত সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। রোগীরা পোহাচ্ছেন দুর্ভোগ।সূত্র জানায়, হাসপাতালে জরুরি প্রসূতি সেবা (ইওসি) শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। মহিলা ওয়ার্ডের ভেতরে শৌচাগারের পাশের একটি কক্ষে প্রসব কার্যক্রম চালানো হয়। প্রায় সময় সেবিকারাই ঝুঁকি নিয়ে প্রসব করান।এ বিষয়ে আবাসিক চিকিৎসক মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ৫০ শয্যার হাসপাতাল হলেও জনবলসংকটের কারণে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালানো যাচ্ছে না। দীর্ঘদিন ধরে অবশকরণ (অ্যানেসথেসিয়া) চিকিৎসকের পদ খালি ছিল। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত চারজন চিকিৎসক, চারজন সেবিকা ও অস্ত্রোপচার কক্ষের সহকারী (ওটি বয়) দরকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরশিদ আরা বেগম প্রথম আলোকে বলেন, পুরোনো ভবন থেকে দূরত্ব রেখে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু দুদিক সামলানোর মতো চিকিৎসক, সেবিকা ও নিরাপত্তাকর্মী না থাকায় তা চালু করা যাচ্ছে না। বিষয়টি সিভিল সার্জন কার্যালয়কে একাধিকবার জানানো হয়েছে।জানা গেছে, ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক প্রয়োজন ২০ জন। কিন্তু আছেন ১৭ জন। নাক, কান, গলা ও চক্ষুবিশেষজ্ঞের পদ শূন্য। অর্থোপেডিক্স ও মেডিসিন বিশেষজ্ঞও নেই। ডেন্টাল ও কার্ডিওলজি চিকিৎসক রয়েছেন প্রেষণে। ১৫ সেবিকার পদে আছেন ১২ জন। সেখান থেকে দুজন ছয় মাসের প্রশিক্ষণে আর দু-তিনজন থাকেন ছুটিতে। গড়ে আটজন সেবিকা দিয়ে চালাতে হয় পুরো হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকটও। এ ছাড়া, ওষুধ ও খাদ্যের বরাদ্দ এখনো ৩১ শয্যারই রয়ে গেছে। গত বুধবার হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহিলা ওয়ার্ডে শয্যা থাকার কথা ১৪টি। গাদাগাদি করে বসানো হয়েছে ১৮টি। তার পরও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন আরও নয়জন। মেঝের দুই পাশে অতিরিক্ত শয্যা বসানোর ফলে চিকিৎসক, সেবিকা, রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ ও বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে। রোগী ও হাসপাতাল সূত্র জানায়, শুধু এক দিনের নয়, প্রায় সারা বছরের চিত্র এটি। হাসপাতালে চিকিৎসাধীন মাজেদা খাতুন (৬৫) প্রাপ্ত সেবা ও ওষুধ-পথ্যের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গরিব মানুষ, কোথায় যাব, কোনো রকমে চিকিৎসা নিতে হবে।’ একই রকম অসন্তোষের কথা জানালেন পাশের শয্যায় চিকিৎসাধীন ফাতেমা বেগম (৩৫)।জানা গেছে, গত ৩০ নভেম্বর অতিরিক্ত ১৯ শয্যার উপযোগী পর্যাপ্ত ওষুধ ও খাদ্যের জন্য বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে। চট্টগ্রাম সিভিল সার্জন আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘আমরা তো ৫০ শয্যার চিকিৎসা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছি। সে অনুপাতে জনবলও দেওয়া হয়েছে। বাকি সমস্যাও ধীরে ধীরে কেটে যাবে।’