১৯৮৬ সালে পার্বত্য চট্টগ্রামে তত্কালীন রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ ছেড়েছিলেন দীঘিনালার পোমাংগ্রামের মণিপুষ্প ত্রিপুরা। ভারতের ত্রিপুরা রাজ্যের তাকুমবাড়িতে শরণার্থী শিবিরে থেকেছেন চার বছর। সেখানে ডায়রিয়ায় দুই ছেলের মৃত্যুর পর ১৯৯০ সালে ১২টি পরিবারের সঙ্গে ভারত থেকে দেশে ফিরে আসেন। দেশে আসার পর ছয় মাস পর্যন্ত সরকারি রেশন-সুবিধা পেলেও দীর্ঘ ২২ বছর আর কোনো সুযোগ-সুবিধা পাননি। মণিপুষ্প ত্রিপুরার মতো দীঘিনালায় ভারত থেকে স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারী এক হাজার আদিবাসী শরণার্থী পরিবার দীর্ঘদিন ধরে সরকারি রেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারী শরণার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৭ সালের ৯ মার্চ বাংলাদেশ সরকার ও শরণার্থী নেতাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২০ দফা চুক্তি সম্পাদিত হয়। চুক্তির পর ১২ হাজার ২২২ পরিবারের ৬৪ হাজার ৬০৯ জন শরণার্থী স্বদেশ প্রত্যাবর্তন করেন। এ পরিবারগুলো সরকারি রেশন-সুবিধা পাচ্ছে। কিন্তু চুক্তি সম্পাদনের আগে ভারত থেকে স্বেচ্ছায় চলে আসা শরণার্থী পরিবারগুলো সরকারি রেশন-সুবিধা পাচ্ছে না।জানা গেছে, ১৯৯৪ সালের ২ জানুয়ারি খাগড়াছড়ির জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক চিঠিতে স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারী পরিবারগুলোকে শরণার্থী হিসেবে গণ্য করা হবে বলে জানান। এই শরণার্থীরা পুনর্বাসনসহ সুযোগ-সুবিধা পাবেন বলে তিনি উল্লেখ করেন। এ ঘোষণার পর বহু দিন কেটে গেলেও আগরতলা চুক্তির আগে ফিরে আসা শরণার্থীরা সরকারি সাহায্য পাচ্ছেন না। বাবুছড়ার শান্তি রঞ্জন চাকমা বলেন, ‘ভারতে যাওয়ার সময় মাকে নিয়ে গিয়েছিলাম। সেখানে মা ডায়রিয়ায় মারা যান। প্রতিদিন শরণার্থী শিবিরে ১০ থেকে ১২ জন লোক ডায়রিয়ায় মারা যেত। এ দৃশ্য দেখে পরে ভারত থেকে চলে আসি। কিন্তু শরণার্থী হিসেবে আমরা কেনো সুযোগ-সুবিধা পাইনি। সে সময় ভারত থেকে স্বেচ্ছায় প্রত্যাবর্তন করলে সরকারের পক্ষ থেকে নানা সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এর পর কেউ আর খবর রাখেনি।’পাবলাখালী গ্রামের রামমোহন চাকমা, ভৈরফা গ্রামের জ্যোতি বিকাশ ত্রিপুরা, পোমাংপাড়ার বালতি ত্রিপুরা, জামতলী গ্রামের চাক্রেন্তি ত্রিপুরা বলেন, জীবন বাঁচাতে তাঁরা ভারতে গিয়েছিলেন। সেখানে ডায়রিয়ার অবস্থা দেখে পালিয়ে আসেন। ফিরে এসে দেখেন, ঘর, বাগান সবই ধ্বংস হয়ে গেছে। এখনো সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেননি। তাঁদের দাবি, সরকার তাঁদের শরণার্থী হিসেবে যেন রেশনসহ সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা বলেন, ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারী শরণার্থীদের রেশন-সুবিধা দেওয়ার জন্য আবেদন করেছি এবং চেষ্টাও করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘নথি পর্যালোচনা করে দেখা গেছে, স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারী শরণার্থী পরিবারগুলোর মধ্য থেকে ৩৭০টি পরিবার নিয়মিত রেশন পাচ্ছে। রেশনবঞ্চিত শরণার্থী পরিবারগুলোকে রেশন-সুবিধা দেওয়ার বিষয়টি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। বিষয়টি বিবেচনার জন্য আমি সুপারিশসহ শরণার্থীদের একটি প্রত্যয়নপত্র দিয়েছি।’