শরতে পূজার সাজে
প্রতিবছর শরৎ আসে একই ঢঙে—নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে আর কাশবনটা ফুলে ফুলে সাদা করে। শরতের এই বিষয়গুলো চিরন্তন। ঠিক এমনই চিরন্তন এ সময়ের অন্যতম উৎসব দুর্গাপূজা এবং পূজায় সাজ।পূজার আনন্দ চলতে থাকে কয়েক দিন। ষষ্ঠী থেকে শুরু হয় পূজার নানা আয়োজন। আর এই দিন থেকেই শুরু হয় উৎসবের সাজসজ্জা।‘সাধারণত সকালবেলা সবাই অঞ্জলি দিতে যায়। আর এ সময়ের সাজসজ্জায় তাই স্নিগ্ধ ভাবটিই প্রাধান্য পায়।’ বলেন ফ্যাশন হাউস রঙের ডিজাইনার বিপ্লব সাহা। তিনি আরও জানান, এ সময় সাধারণত সবাই তাঁতের শাড়ি পরতেই বেশি পছন্দ করেন। টাঙ্গাইলের শাড়ি, হাফ সিল্ক—এ ধরনের শাড়ি এ সময়ের জন্য উপযোগী। চওড়া বা মাঝারি পাড়ের তাঁতের শাড়ি, ব্লক প্রিন্ট ও স্ক্রিন প্রিন্টের নকশার শাড়িই এ সময় বেশি ব্যবহূত হয়। বুনন-বৈচিত্র্যের মধ্যে একটু সাবেকি নকশাই প্রাধান্য পায়।কোন দিন কেমন সাজবিপ্লব সাহা জানান, সকালের সাজে সাদা, হালকা হলুদ, লেবু-সবুজ, হালকা বেগুনি, মিষ্টি রং বা আকাশি—এ ধরনের রং-ই বেশি প্রাধান্য পায়।সপ্তমী থেকে নবমী—এই তিন দিন সকালবেলা পোশাক-আশাক, সাজসজ্জা—সবকিছুতেই থাকে একটা স্নিগ্ধ ভাব। তবে বিকাল বা রাতের সাজটা হবে জমকালো। পোশাকের উপাদান সুতির বদলে হতে পারে সিল্ক, তসর, এন্ডি, কাতান ও জামদানি। সন্ধ্যায় সাধারণত সবাই আরতি দেখতে মণ্ডপে যায়। তারপর চলে এ-বাড়ি ও-বাড়ি বেড়ানো। তাই এ সময় পরা যেতে পারে যেকোনো ধরনের জমকালো শাড়ি। ডিজাইনারদের মতে, এবার তসরটা খুব চলবে। তা ছাড়া রাজশাহীর সিল্ক, ভারী কাজের জামদানি ও কারচুপি কাজ করা শাড়িও চলবে।দশমীর দিন সকালবেলা থেকেই শুরু হয়ে যায় গুরুজনদের প্রণাম করার আনুষ্ঠানিকতা। বিসর্জনের সময় সিঁদুর খেলা হয় বলে এ সময় সাদা বা লাল রঙের পোশাক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন বিপ্লব সাহা। হোক সেটা তাঁত, সিল্ক বা তসর।অনুষঙ্গে অপরূপপূজা এলে যেমন কয়েকটা দিন মন ভরে সাজা যায়, তেমনিভাবে একেক দিন একেক ঢঙে শাড়ি পরা চলতে পারে। পোশাকের পাশাপাশি গয়নাতেও থাকে বৈচিত্র্য। ঐতিহ্যবাহী সোনার গয়নার পাশাপাশি চলে পাথর ও পুঁতির গয়না। অল্প বয়সী মেয়েরা বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মিলিয়ে ফ্যাশন জুয়েলারি বেছে নিতে পারে। গয়নার দোকান অ্যারাবিয়ানসের ব্যবস্থাপক সনৎ হাজরা জানান, পূজায় ঐতিহ্যবাহী গয়নাই বেশি চলে। ঝুমকা, সীতাহার, চোকার, খোঁপার কাঁটা, চাবির গোছা প্রভৃতি বেশি চলে। এগুলো একটু খুঁজে গোল্ড প্লেটেড গয়নার দোকান থেকে কিনতে পারেন। এ ছাড়া মা বা নানি-দাদির পুরোনো কোনো গয়নাও বের করে পরতে পারেন।পূজার সাজ নিয়ে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, ‘সকালবেলার পূজার সাজে চেষ্টা করব যতটা সম্ভব হালকা ও স্নিগ্ধভাবে সাজার। গরম পড়তে পারে, তাই পানিনিরোধক কাজল ও মেকআপ ব্যবহার করব। খুব হালকা বেইজ মেকআপ করব। চুলগুলো খোঁপায় বেঁধে কাঁটা গুঁজে দেব।’রাতে হয়তো চোখে ভারী মেকআপ নিয়ে চুল আয়রন করে খুলে দিতে পারেন মৌটুসী। আবার কখনো-সখনো বেণিও বেঁধে নিতে পারেন। তবে সব সময় মাথায় থাকবে ঐতিহ্য ও আরামের বিষয়টি।ব্লাউজে বৈচিত্র্যপূজার সাজে ভিন্নতা যোগ করতে পারে নানা ঢঙের ব্লাউজ। ফুলহাতা, স্লিভলেস, ঘটিহাতাসহ নানা ধরনের ব্লাউজ পরতে পারেন। পেছনে ফিতা, লেস—এসবও থাকতে পারে। রংটা শাড়ির সঙ্গে মিলতেই হবে, তা নয়। একটু বুঝে কন্ট্রাস্ট করে ব্লাউজ পরলে ভালো দেখাবে।