চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রামে প্রতি ১৫ দিন পরপর টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। এমনকি মৌসুমের শেষ দিকে এসে শরৎ কালেও অতিবৃষ্টি হয়েছে, যা পুরো বর্ষাকালের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত। এ কারণে জলাবদ্ধতা, জলোচ্ছ্বাস ও বৃষ্টির সঙ্গে অস্বাভাবিক জোয়ারজনিত বন্যাও দেখা গেছে। তবে অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখন আসছে ঘূর্ণিঝড়ের মৌসুম। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।বাংলাদেশ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের প্রথম দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে। এরপর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হবে। ওই মাসে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একইভাবে নভেম্বরেও একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম। এ সময় মৌসুমি বায়ু সক্রিয় থাকে। যার কারণে তখন সাগরে মৌসুমি নিম্নচাপের সৃষ্টি হয়। পাশাপাশি সঞ্চালনশীল মেঘমালা হয়। যার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। মৌসুমি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হলেও সাধারণত এ থেকে ঘূর্ণিঝড় হয় না বলে আবহাওয়াবিদেরা জানান। এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, মার্চ থেকে মে মাস পর্যন্ত নিম্নচাপজনিত ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। এরপর মৌসুমি বায়ু সক্রিয় হলে এ আশঙ্কা কেটে যায়। এখন অক্টোবরের প্রথমে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কথা। এরপর পুনরায় নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়।তবে নভেম্বরের শেষের দিক থেকে বাংলাদেশে শীতের আগমনী বার্তা দেখা যাবে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়। এ সময় রাতের তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পাবে। শীতের পর মার্চ থেকে মে মাস পর্যন্ত পুনরায় নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দেবে বলে আবহাওয়াবিদেরা জানান। এদিকে, চলতি বর্ষা মৌসুমে থেমে থেমে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। তবে ভরা বর্ষার চেয়ে শেষ দিকে এসে বেশি বৃষ্টি হয়েছে। পূর্বাভাসে সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টি হবে বলে বলা হলেও ৮ সেপ্টেম্বর ৩৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এটা পুরো বর্ষা মৌসুমের মধ্যে সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণে এই ধরনের আচরণ হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। একইভাবে ১৫ সেপ্টেম্বর থেকে আবার ভারি বৃষ্টি শুরু হয়। চলতি মাসের শেষ দিকেও এ ধরনের বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।