শরতে বাজে পূজার বাদ্যি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দের রেশ না কাটতেই চলে এল পূজা। নতুন পোশাক তো চাই-ই। আর সেটা হতে হবে একদম মনের মতো। এ বছর পূজার সাজগোছের ধারাটা কেমন, ঈদের ফ্যাশন ধারাই চলবে নাকি একদম নতুন ধাঁচের কিছু দেখা যাবে, মৌসুমের প্রভাবটাই বা পোশাকে কেমন দেখা যাবে— সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন ফ্যাশন ডিজাইনাররা।পূজায় পোশাকে লাল-সাদা রঙের প্রাধান্য দেখা যাচ্ছে। ফ্যাশন কনসালট্যান্ট চন্দ্রশেখর সাহা মনে করেন, দুটো রঙের আলাদা তাৎপর্য আছে। লাল হলো উৎসবের রং। পূজার ধুমধাম, আনন্দের সঙ্গে যোগ হলো লাল রঙের। আর সাদাটা অনেকে মনে করেন শরতের প্রকৃতির অনুপ্রেরণায় এসেছে। তবে চন্দ্রশেখর সাহার মতে, এটা হলো পূজার পবিত্রতার প্রতীক ‘যেকোনো প্রার্থনাতেই সাদা রঙের একটা প্রভাব থাকে।’‘অন্যবারের তুলনায় এবার ফ্যাশন হাউসগুলো বেশ মনোযোগ দিয়েছে পূজার সংগ্রহে। ঈদ আর পূজার মধ্যে সময়ের ফারাকটাও এবার বেশি। কাজেই ঈদ সংগ্রহের চেয়ে আলাদা করে পূজার পোশাক এনেছে অনেক ফ্যাশন হাউস।’ বলেন চন্দ্রশেখর সাহা।পূজার চার দিনের যেকোনো এক দিন অন্তত শাড়ি পরা যায় বলে মনে করেন তিনি। তবে চার দিনে চার পোশাক নয়, বরং চার দিনে চার লুক—এটাই হোক পূজার ফ্যাশনধারা। ‘উৎসবের আমেজ, আনন্দ ও নিজের ব্যক্তিত্ব—এই সব কটি দিক মিলিয়েই পোশাক কেনেন সবাই। তবে এর সঙ্গে আরও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ—পরিবারের বাজেট।’ বলেন তিনি।বাজেটের মধ্যেই কীভাবে নতুন নতুন লুক আনা যায়, সে নিয়েও বলেছেন তিনি। ‘মার হয়তো অনেক শাড়ি পড়ে আছে আলমারিতে। সেখান থেকেই তো একটা নেওয়া যায়। নতুন একটি ব্লাউজের সঙ্গে নতুন ঢঙে পরা যায় সেটি। আবার পুরোনো কুর্তার সঙ্গে নতুন রংচঙে একটা স্কার্ফ পরা যায়। একদম নতুন দেখাবে পুরোনো পোশাকটিই।’আর একটা ব্যাপারে লক্ষ রাখা উচিত বলে তিনি মনে করেন, ‘পূজার যেসব আনুষ্ঠানিকতা তার জন্য ঐতিহ্যবাহী পোশাক পরাই ভালো। যেমন অঞ্জলি দিতে যাওয়ার সময় পরা যায় তাঁতের শাড়ি। সেখানে ফিউশন পোশাক তেমন মানানসই হবে না। আবার সন্ধ্যাবেলা বেড়াতে যাওয়ার আগে পরা যেতে পারে জিন্স, কুর্তা। তখন আবার মনের মতো যেকোনো পোশাকেই নিজেকে সাজানো যায়।’‘কয়েক দিনের উৎসব। মনের মতো সাজগোছের সুযোগটাও অনেক বেশি। একেক দিন একেক থিমে নিজেকে সাজানো যায়।’ এমনটাই মনে করেন ফ্যাশন হাউস রঙের স্বত্বাধিকারী ও ডিজাইনার বিপ্লব সাহা। কোন দিন কেমন সাজ চলতে পারে, সে বিষয় নিয়েও বলেছেন তিনি। ষষ্ঠীর দিনটা নানা কাজে কেটে যায়। এ জন্য এদিন সাদামাটা, ছিমছাম সাজাই ভালো। সাদা রঙের শাড়িই এদিন মানানসই। বলেন তিনি। সপ্তমীর দিন থেকেই শুরু হবে সাজগোছের পালা। সপ্তমী থেকে দশমী পর্যন্ত চার দিনে চার রঙের পোশাক বেছে নেওয়া যায়, পোশাকের উপাদানও হতে পারে একেক দিন একেক রকম।সপ্তমীর দিন সকালে পরার জন্য লাল, সাদা, কমলা, গেরুয়া—এ রংগুলো মানানসই। এ রংগুলো সব ধরনের গায়ের রঙেই মানিয়ে যায়। যে কেউ এসব রঙে নিজেকে সাজাতে পারেন। আর চুলে ফুল ব্যবহার করলে বেশ একটা স্নিগ্ধ ভাব আসবে। সপ্তমীর দিনে সুতি, হাফ সিল্ক শাড়ি চলতে পারে। রাতে পরতে পারেন অ্যান্ডি বা সিল্কের শাড়ি।বিপ্লব সাহার মতে, অষ্টমীর সাজটা হওয়া চাই একদম ‘ঝাক্কাস’। একদম শখ মিটিয়ে সাজা চাই এদিন। সাজে জমকালো ভাবটাও যেন ফুটে ওঠে। সাদা, লাল, কাঁচা হলুদ, গোলাপি, গেরুয়া—এসব রঙের শাড়ি পরা যেতে পারে। এদিন নিজের পছন্দমতো যেকোনো পোশাক বেছে নিতে পারেন। পূজার সাজের জন্য শাড়িই প্রথম পছন্দ অনেকের কাছে। তবে কমবয়সী মেয়েরা সালোয়ার-কামিজ, কুর্তাও পরেন। কুর্তার সঙ্গে জিনস বা লেগিংস পরাটা তো দারুণ চলতি ফ্যাশন। নবমীর সাজে শরতের আকাশের নীল, কাশফুলের সাদা, গাছপালার সবুজ—এমন রংগুলো পোশাকে ব্যবহার করতে পারেন। আর লাল-সাদা রঙের ছোঁয়া রাখতে পারেন গয়নায়। যেমন, কপালে লালটিপ, হাতে লাল-সাদা চুড়ি।এদিন রাতে ঐতিহ্যবাহী শাড়ি পরলেই ভালো লাগবে বলে মনে করেন বিপ্লব সাহা। কোনো ভ্যালুঅ্যাড করা নয়। ঐতিহ্যবাহী তাঁত, জামদানি—এসব শাড়ি পরা চাই।দশমীর দুপুরে লাল-সাদা শাড়ি পরেন অনেকে। গরদের শাড়িও পরতে পারেন। সাবেকি ধাঁচের এই শাড়িই যোগ করবে ফ্যাশনের নতুন মাত্রা।এই রাতে অনেকেই আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যান। বাড়িতেও নানা আয়োজন থাকে। কাতান, বেনারসি শাড়ি রাতে তাই বেশ মানাবে।এ তো গেল পোশাকের কথা। সাজ কেমন হবে, তা নিয়ে বিপ্লব সাহা জানান, পূজায় ঐতিহ্যবাহী সাজটা দেখতে ভালো লাগে। আর চাইলে যেকোনো দিন তো একটু অন্য রকম সাজার সুযোগটা রয়েছেই। শাড়ি যেমনই হোক, গয়নাগুলো সাবেকি ধাঁচের পরলে বেশ মানাবে। শাড়ির সঙ্গে কানে ঝুমকা পরলে দারুণ দেখায়। তেমনি সব সময় পরা হয় না এমন গয়না, যেমন টিকলি, নথ এগুলোও পরা যেতে পারে। আর ফুলের সাজের আবেদন তো চিরন্তন।তবে একদমই ‘যেমন খুশি তেমন না সেজে’ আগে থেকেই একটু পরিকল্পনা করে সাজার পরামর্শ দেন বিপ্লব সাহা। গয়নাটা শাড়ির সঙ্গে মিলিয়ে পরলেই ভালো। যেমন, শাড়িতে ম্যাট ভাব থাকলে পরতে পারেন রুদ্রাক্ষ, কড়ি, শামুকের গয়না। আবার পাথর, জরির কাজ থাকলে পরতে পারেন পাথরের গয়না। এথনিক ধাঁচের গয়নাও পূজার সাজের সঙ্গে বেশ মানাবে।‘এবার পূজার রাজত্ব করবে টাঙ্গাইল শাড়ি।’ জানালেন বাংলার মেলার ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। উজ্জ্বল রঙের চাহিদা, কাতান, অ্যান্ডি, সুতি কাপড়— একদমই বাঙালি ঘরানার সাজ-পোশাক। এবার পূজার ফ্যাশন এমন হবে বলেই জানান তিনি। ‘এবার ব্লাউজের ফ্যাশন হবে বাহারি। শাড়ি যেমনই হোক, নজরে পড়বে ব্লাউজটা। শাড়ির রঙের সঙ্গে মেলানো নয়; বরং কন্ট্রাস্ট রঙের ব্লাউজ পরাই এবারের ফ্যাশন। ফ্রিল, লেস বসানো নানা রকম কাটের ব্লাউজ পরতে দেখা যাবে। পুরোনো দিনের গলাবন্ধ, বোটনেক, ঘটি হাতার ব্লাউজের চলটা পূজায় দেখা যাবে।’ বললেন এমদাদ হক।ব্লাউজে বৈচিত্র্য কীভাবে আনা যায়, সে পরামর্শও দিয়েছেন তিনি। যেমন—সাদা-লাল শাড়ির সঙ্গে পরা যেতে পারে কন্ট্রাস্ট রঙের কোনো ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ। বাটিক, ব্লকপ্রিন্ট করানো ব্লাউজও পরা যায়। পূজায় সাদা-লাল রঙের পোশাক পরার দিকে ঝোঁক থাকে অনেকের। তাঁরা ব্লাউজে নীল, হলুদ, সবুজ—এসব রং ব্যবহার করতে পারেন।