শরতের বৃষ্টিতেও জলাবদ্ধতা
রেকর্ড পরিমাণ বৃষ্টিতে গতকাল বুধবার আবার তলিয়ে গেছে নগরের নিচু এলাকা। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে শরৎকালে বর্ষার মতো এই ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।সূত্রমতে, গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ১৮৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এক দিনে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত আগস্ট মাসের প্রথম দিকে নয় দিন টানা বৃষ্টি হয়েছিল। তখন প্রায় ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। ওই সময় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।গত মাসের প্রথম সপ্তাহের বৃষ্টিতে নগরের নিচু এলাকাগুলোতে বারবার জলাবদ্ধতা দেখা দিয়েছিল। গত মঙ্গলবার রাত ও বুধবারের বৃষ্টিতে ফের প্লাবিত হয়েছে নগরের নিচু এলাকা। বরাবরের মতো নগরের চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, হালিশহর, চান্দগাঁও, আগ্রাবাদ সিডিএ, এক্সেস রোড, বাকলিয়া, ডিসি রোড, মাস্টারপুল, মিয়াখান নগরসহ বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিতে রাত থেকে প্লাবিত হতে থাকে এসব এলাকা। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ছাড়াও বুধবার সকাল ছয়টা পর্যন্ত কক্সবাজারে ৭৬ এবং সন্দ্বীপে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম প্রথম আলোকে বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। সাধারণত সেপ্টেম্বর মাসে মৌসুমি বায়ু সক্রিয় থাকে। অক্টোবরের প্রথমার্ধে বর্ষা বিদায় নিতে পারে।’আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। মৌসুমি নিম্নচাপের কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়াবিদেরা ধারণা করছেন। সূত্র জানায়, সেপ্টেম্বরের পরপর শুরু হবে ঘূর্ণিঝড়ের মৌসুম। বাংলাদেশ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে অন্তত তিনটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।