একজন প্রশ্ন করেছিলেন, ছয় ঋতুর মধ্যে কোন ঋতুটি পছন্দ। উত্তর দিতে সময় লাগেনি, ‘শরৎ’। ঋতুুরাজ বসন্তকে উপেক্ষা করার উপায় নেই, তবে শরৎকেও পাশ কাটানো যায় না। শরৎ থেকেই শীতের আমেজের শুরু। শরতের আকাশে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ, নদীর ধারে হাওয়ায় দোল খাওয়া কাশ। সবুজ বনবীথি, আকাশে উড়ন্ত গাংচিল। এই ভিনদেশে শরৎটা অবশ্য অন্য রকম।শরতের বাতাসের ছোঁয়ায় দোলে বার্চের পাতা। সবুজ পানপাতার মতো পাতাগুলো লাল হয়ে ওঠে দেখতে না দেখতে। শরতে গাছেরা রং বদলায়। পাতাগুলো লাল থেকে হবে হলুদ। তারপর হাওয়ায় ভেসে উড়বে, উড়ে যাবে বহুদূর। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। ঘুম ভাঙে টেলিফোনের শব্দে। ঘড়িতে ভোর পাঁচটা। সানিউলের খবর। বরাবরের মতোই সানিউল একটু রাত করে বাড়ি ফেরে। অফিসের পর বন্ধুবান্ধব, একটু রিলাক্স, তারপর ঘরে ফেরা। বাসায় ফিরে সবার সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়া, তারপর ঘুম। ওর আর এমন কী বয়স! মাত্র ২৮। লন্ডন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে দেশে ফিরে একটি বিদেশি প্রতিষ্ঠানে সবেমাত্র যোগ দিয়েছে। দুই চোখে অফুরন্ত স্বপ্ন। ওর তো এমন হওয়ার কথা নয়। সেদিন সানিউল ফিরেছিল একটু রাত করেই। বেশ গরম পড়েছে। ড্রয়িংরুমে এসি, ঘুমটা ভালো হয় বলে ওখানেই শোয়। শুতে যাওয়ার আগে মাকে বলে, ‘সকাল সাতটায় ডেকে দিয়ো, একটা মিটিং আছে।’ সানিউলদের পরিবারটি ছোট, বাবা-মা, বড় ভাই-ভাবি আর তাঁদের ছোট্ট মেয়েটি। দুই ভাইয়ের মধ্যে সানিউলই ছোট। গরমের দিনগুলোয় কারও ঠিকমতো ঘুম হয় না। তার ওপর নিশিকুটুম্বের ভয়ে দরজা-জানালা সব বন্ধ করে শুতে হয়। বিছানায় গড়াগড়ি দিতেই ভোর হয়ে আসে। মায়ের ঘুম ভাঙে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে গলা ভেজান। ঘড়িতে ভোর ছয়টা। আর এক ঘণ্টা পর সানিউলকে ডেকে দিতে হবে। ড্রয়িংরুমের দরজার দিকে তাকালেন, দরজা বন্ধ, সানিউল ঘুমাচ্ছে।ভোর সাতটায় সানিউলকে ডাকতে গেলেন। বিছানা ছেড়ে কার্পেটে শুয়ে সানিউল, ‘কিরে! এতই গরম যে কার্পেটে শুয়ে আছিস?’ ধাক্কা দিয়ে ডাকতে গিয়েই বুকফাটা আর্তনাদ বেরিয়ে এল মায়ের কণ্ঠ দিয়ে। ডাক্তার পরীক্ষা করে বললেন, ‘অনেক আগেই চলে গেছে। ভোর চারটার দিকে।’ অকস্মাৎ থেমে গেছে হূদ্যন্ত্র। সানিউল কি হূদরোগে ভুগছিল? না, তা নয়। প্রশ্নের উত্তর মেলা ভার। অনেক প্রশ্নের উত্তর মেলে না, এটারও মেলেনি। সানিউল। আমার বড় ভাইয়ের ছেলে। চলে গেছে চিরতরে। চলে গেছে শরতের মেঘের মতো আমাদের ওপর ছায়া ফেলে।লিয়াকত হোসেন, স্টকহোম, সুইডেন, [email protected]