শরতের সাহিত্য আড্ডায় বন্ধুরা
শুক্রবার বিকেল চারটা। নগরের বিপ্লব উদ্যানে বন্ধুদের প্রাণবন্ত আড্ডা। কেউ পাঠ করছেন স্বরচিত কবিতা, কেউ বা বন্ধুদের জানাচ্ছেন মজার মজার সব স্মৃতি। অবশ্য বাদ যায়নি গল্প বলা ও গান শোনা। ৭ সেপ্টেম্বর প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা মিলিত হয়েছিলেন শরৎকালীন সাহিত্য আড্ডায়। আড্ডায় অংশ নিয়ে বন্ধু আলাউদ্দিন খোকন বলেন, ‘শরৎ বাংলাদেশের সুন্দর ঋতুগুলোর মধ্যে একটি। কাশফুলের অপূর্ব সমারোহ, আলো-ছায়ার লুকোচুরি ও চাঁদের আলোয় পুলকিত রাত—এমন অপরূপ শরতে মন হারিয়ে যায় অচেনা জায়গায়।’ এরপর তিনি আবৃত্তি করেন স্বরচিত কবিতা। এ ছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন বন্ধু রিমঝিম আহমেদ, রাসেল চৌধুরী ও উৎপল দত্ত।‘আমাদের শৈশব ফিরে আসুক আজকের দিনে’—এমন ঘোষণা দিয়ে বন্ধু পুলক দেবদাস শোনান শরৎ নিয়ে তাঁর মজার কিছু অভিজ্ঞতার কথা। পুলকের পর অন্য বন্ধুরাও তাঁদের মজার সব স্মৃতির ডালি খুলে বসেন। এতে অংশ নেন বন্ধু নুরুন্নাহার বেগম, নুরুল আবরার, সৌমেন বড়ুয়া, শিমু দেউড়ী, মোহাম্মদ রুবেল, ওসমান হারুন, রাহাত আলী, ফাহিম উদ্দিন ও মাহবুব আলম।গল্প ও কথার ভিড়ে বন্ধু কণিকা মৃদু ও মাহিনুর আকতারের শরৎ নিয়ে করা গান, আড্ডায় নতুন মাত্রা যোগ করে। এভাবে ঘুরতে থাকে ঘড়ির কাঁটা। শেষদিকে পরিবেশ দূষণ ঠেকাতে মানুষকে সচেতন করার ওপর জোর দেন বন্ধুরা। এরপর শরতের মতো নিজস্ব ঐশ্বর্য দিয়ে নিজেকে প্রকাশ করার প্রত্যয় নিয়ে ফিরে যান নিজ নিজ গন্তব্যে।