দেশের মানুষ
শরীফ আলী বাড়ি ফিরেছেন
কর্মক্ষেত্রে প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারান শরীফ আলী। পথে পথে ঘুরে তরুণ শরীফ গিয়েছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। সেখানকার কয়েকজন নিবেদিতপ্রাণ মানুষের চেষ্টায় তিনি ফিরে গেছেন পরিবারের কাছে।
২০১৭ সালের মাঝামাঝি সময়ের কথা। চট্টগ্রামের এক ঠিকাদারের সঙ্গে যোগাযোগ হয়েছিল শরীফ আলীর। ইটভাটার শ্রমিক শরীফ সেই ঠিকাদারের কাছেই কাজের আশ্বাস পেয়েছিলেন। আশ্বাসের ভিত্তিতে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম চলে যান ২২ বছরের শরীফ। চলে যাওয়ার আগে অবশ্য তাঁর বাবা খোরশেদ আলীকে বলেছিলেন শহরে গিয়ে থিতু হওয়ার কথা। কিন্তু অচেনা শহরে ছেলেকে পাঠাতে মন সায় দেয়নি বাবা খোরশেদের। নাছোড় শরীফ, বাবার কথা অনেকটা অমান্য করেই বাড়ি ছেড়েছিলেন।
ছেলে দালান নির্মাণকাজে পাইলিংয়ে সহযোগিতা করছেন—এ তথ্য মাস কয়েক পর জেনেছিলেন শরীফের বাবা। ভেবেছিলেন, কাজ করে ছেলে উপার্জন করবে, নিজে স্বাবলম্বী হবে, পরিবারকেও সহায়তা করবে। কিন্তু চট্টগ্রামে অনেক দিন কাজ করেও পারিশ্রমিক পাননি শরীফ। বাবা কী বলবেন, সেই ভয়ে বাড়িতেও ফিরে আসেননি আর। চিন্তায় চিন্তায় একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর ঘুরে বেড়ান দেশের বিভিন্ন জায়গায়। একসময় আসেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যাতায়াত ছিল কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানেও। প্রায়ই তাঁকে দেখা যেত উদ্যানের রাস্তার পাশে শুয়ে থাকতে, বনবাদাড়ে রাত কাটাতে।
শ্রীমঙ্গল কেব্ল সিস্টেমের ভাইস চেয়ারম্যান পার্থ সারথি দাশও শরীফকে দেখেন। কথা বলেন তাঁর সঙ্গে। বাড়ি ময়মনসিংহ ছাড়া আর পার্থ সারথি দাশ কোনো তথ্যই জানতে পারেন না শরীফের কাছে। তিনি ফেসবুকে লিখেছেন সেসব কথা। তিনি আহ্বান জানান শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে।
আসিফ চিনেছেন শরীফকে
পার্থ সারথির পোস্টটি অনেকের মতো শ্রীমঙ্গলের অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সভাপতি শেখ সরোয়ার জাহান দেখেছিলেন। তিনি বলছিলেন, ‘পোস্টটি আমার ও শ্রীমঙ্গলের তরুণ সমাজকর্মীদের নজরে আসে। আমি তখন বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক নাঈম, আকাশসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করি। সবাই মিলে সিদ্ধান্ত নিই, তাঁর জন্য কিছু করার।’ গত ২৪ সেপ্টেম্বর তাঁরা শরীফকে উদ্ধার করেন। শরীফের চুল-দাড়ি কেটে দেন। গোসল করান। নতুন পোশাক পরান। প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন। এরপর তাঁকে শ্রীমঙ্গল রেলস্টেশনে এনে রাখা হয়। এরপর শুরু হয় শরীফের ঠিকানা জানার চেষ্টা, পরিবারকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া। ফেসবুকে চলতে থাকে প্রচারণা।
ছবিসহ সেই স্ট্যাটাস নজরে এসেছিল শরীফের চাচাতো ভাই আসিফ উর রহমানের। আসিফ বললেন, ‘সেদিন রাতে ফেসবুক ব্যবহার করছিলাম। হঠাৎ পোস্টটি সামনে এল। ভালো করে চোখ বুলিয়ে দেখি আমার ভাইয়ের ছবি। চুল–দাড়ি থাকলেও তাঁকে দেখেই চিনতে পেরেছি। আমি সঙ্গে সঙ্গেই চাচাকে জানাই।’ সবাই নিশ্চিত হয়ে আসিফ যোগাযোগ করেন শেখ সরোয়ার জাহানদের সঙ্গে। তাঁরা জানান, শরীফের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পংদারীকেল গ্রামে।
শরীফ এখন বাড়িতে
২৬ সেপ্টেম্বর শ্রীমঙ্গলে হাজির হন শরীফের বাবা খোরশেদ আলম। সঙ্গে ছিলেন শরীফের ভগ্নিপতি। পেশায় স্থানীয় একটি স্কুলের নৈশপ্রহরী খোরশেদ আলম। এক ছেলে আর এক মেয়ের মধ্যে শরীফ ছোট। দীর্ঘদিন পর ছেলেকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা খোরশেদ। আনুষ্ঠানিকতার পর শরীফকে তুলে দেওয়া হয় তাঁর বাবার হাতে। ২৯ সেপ্টেম্বর কথা হয় শরীফের বাবার সঙ্গে। তিনি বলেন, ‘আমরা তার অনেক খোঁজ করেছি, পাইনি। ছেলেকে ফিরে পাব, সেই বিশ্বাসও হারিয়ে ফেলছিলাম। সন্তান অসুস্থ হোক আর যাই হোক—ফিরে পাওয়ার এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়।’