শরীর গঠনে দুই সেরার গল্প
জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো গত ২৯ ডিসেম্বর। এবারের প্রতিযোগিতায় ৮৫-ঊর্ধ্ব কেজিতে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার বডিবিল্ডার শেখ জামাল। নারীদের উন্মুক্ত ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের মাকসুদা আক্তার। ব্যতিক্রমী খেলার পথে হাঁটতে দুজনের পেরোতে হয়েছে বাধা।
অভাবের সংসারের ‘মিস্টার বাংলাদেশ’
বলিউডের অভিনেতা সালমান খানের ভক্ত শেখ জামাল। ছোটবেলা থেকেই সালমানের প্রচুর সিনেমা দেখেছেন। সিনেমায় দেখানো সালমানের মেদহীন ‘সিক্স প্যাক’ শরীর দেখতে দেখতে অজান্তেই জামাল স্বপ্ন দেখেন এমন একটা শরীর গঠন করার।
জামালদের অভাবের সংসারে সেই স্বপ্ন পূরণ করা আর আকাশের চাঁদ ধরা একই ব্যাপার ছিল। বাবা সেকান্দার আলী একটা বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক। অর্থের অভাবে জামালের পড়াশোনা থেমে যায় একসময়। কিন্তু স্বপ্ন থেমে থাকে না। আধুনিক মানের একটা জিমনেসিয়ামে শরীরচর্চার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু বাবা টাকা দিতে পারেননি। শেষ পর্যন্ত বড় বোন শিমু আক্তারের কাছ থেকে টাকা নিয়ে শুরু করেন শরীরচর্চা।
সাত বছর ধরে জামাল নিয়মিত অংশ নিচ্ছেন জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়। এ পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন মিস্টার কুকি, মিস্টার ঢাকা ও মার্সেল কাপে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে গত ২৯ ডিসেম্বর শেষ হওয়া প্রতিযোগিতায় হয়েছেন চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়ে জিতেছেন মিস্টার বাংলাদেশ খেতাব।
ঢাকার শাহ মাসল চার্জারস ক্লাবের বডিবিল্ডার জামাল মাঝেমধ্যেই নিজেকে সালমান খানের সুলতান সিনেমার নায়কের মতো ভাবেন। সিনেমার পেশিবহুল সুলতান আলী যেভাবে কুস্তি লড়ে জীবিকা অর্জন করেছেন, জামালও তেমনি বাস্তব জীবনে শরীরচর্চাকে নিয়েছেন পেশা হিসেবে।
সংসার চালাতে একসময় মামার কাপড়ের দোকানে কাজ করতেন। এখন ঢাকায় দুটি জিমের ফিটনেস প্রশিক্ষক জামাল। তিনিই আবার শাহ স্পোর্টসের শুভেচ্ছাদূত।
মিস্টার বাংলাদেশ হওয়ার পর জামাল বলছিলেন, ‘শরীর গঠনের যে প্রতিযোগিতা হয়, সেটাই জানতাম না। নিজের ইচ্ছায় জিমে যেতাম। এরপর এক বন্ধু আমাকে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা দেখাতে আনে জাতীয় ক্রীড়া পরিষদে। চ্যাম্পিয়ন হওয়ার পর দেখি মিস্টার বাংলাদেশ হওয়া প্রতিযোগীর সঙ্গে তারকার মতো ছবি তোলার সেকি হিড়িক!’
শুরুতে কয়েক বছর প্রতিযোগিতায় অংশ নিয়েও সেরা দশে উঠতে পারেননি। কিন্তু তাতে ভেঙে পড়েননি। জামালের ভাষায়, ‘২০১৩ সালে একবার সেরা দশে বাদ পড়ে যাই। ভীষণ মন খারাপ হয়। কিন্তু যে জিমে শরীরচর্চা করতাম ওই জিমের মালিক আমাকে অনেক উৎসাহ দেন। ২০১৬ সালে তৃতীয় হই। কখনো হাল ছাড়িনি। এভাবেই একদিন চ্যাম্পিয়ন হলাম।’
মাকসুদার আদর্শ শোয়ার্জেনেগার
জামালের মতো লড়াই করতে হয়েছে মেয়েদের উন্মুক্ত ওজন শ্রেণির চ্যাম্পিয়ন মাকসুদা আক্তারকে। চট্টগ্রামের মেট্রো ফ্লেক্স জিমের মাকসুদা সময় কাটাতেই জিমে যাওয়া শুরু করেন। বর্তমানে তিনি একজন পেশাদার ফিটনেস প্রশিক্ষক।
২০১৬ সালে পতেঙ্গা নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর মাকসুদা টেক্সটাইল ডিজাইনের ওপর পড়াশোনা করতে ভারতের পাঞ্জাবে যান। সেখানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত জিমে যেতেন। শরীরচর্চা করতে জিমে গিয়ে তা নেশায় পরিণত হয়। রীতিমতো শরীরচর্চা নিয়ে পড়াশোনা শুরু করে দেন। এরপর কানাডায় গিয়ে স্নাতক করেছেন জনস্বাস্থ্যের ওপর। গত জুলাইয়ে দেশে ফিরে চাচাতো ভাইয়ের জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।
এমনিতেই বাংলাদেশের মেয়েরা যেকোনো খেলাধুলা বা প্রতিযোগিতায় আসতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। মাকসুদার বেলায়ও ব্যতিক্রম ছিল না, ‘আমার ভাইবোনদের সবাই প্রতিষ্ঠিত। ওরা কখনো চাননি শরীরচর্চাকে আমি পেশা হিসেবে নিই। কিন্তু আমি ওদের বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমাকে কেউ বাধা দেয় না।’
গত বছর প্রথমবার মেয়েদের জাতীয় উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতার আয়োজন করে ফেডারেশন। গত আসরে মাকসুদা হন রানারআপ। এবার চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি।
শরীরচর্চার ওপর প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা মেয়ে বাংলাদেশে বিরল। শুরুতে যখন জিমনেসিয়ামে কাজ শুরু করেন, তখন অনেকে বাঁকা চোখে দেখত ব্যাপারটা, ‘যে জিমে কাজ করি সেখানকার ছেলেরা তো প্রথমে মানতেই চাইত না যে আমি ওদের প্রশিক্ষক। কিন্তু যোগ্যতা দিয়ে ওদের আস্থা অর্জন করেছি। এখন ওরাই আমার কাজের প্রশংসা করে।’
হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে আদর্শ মানেন মাকসুদা। ভবিষ্যতে বিশ্ব আর্নল্ড ক্লাসিকস প্রতিযোগিতায় অংশ নিতে চান, ‘বাংলাদেশ থেকে কোনো মেয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়নি। আমি আগামী বছর আর্নল্ড ক্লাসিকসে অংশ নিতে চাই।’
পাঞ্জাবে থাকতে মাকসুদার সঙ্গে সাক্ষাৎ হয় যুক্তরাজ্যের বডিবিল্ডার ক্রিস গেথিনের। ভারতে একটি জিমের ফ্র্যাঞ্চাইজি আছে গেথিনের। সেই জিম থেকে ফিটনেসের অনেক বিষয় শিখেছেন মাকসুদা, ‘শুরুতে আমার কোনো গাইডলাইন ছিল না। ক্রিজ গেথিন পাঞ্জাবে এলে অনেক কিছু শিখেছি।’ বলেন মাকসুদা।
মাকসুদা শরীর গঠনে হতে চান মেয়েদের অনুপ্রেরণা। তিনি বলছিলেন, ‘আমাদের দেশের মেয়েরা ফিটনেস নিয়ে সেভাবে চিন্তাভাবনা করে না। জিমে আসতে চায় না। তা ছাড়া এ দেশে সনদ পাওয়া মেয়ে প্রশিক্ষকও নেই আমার মতো। তবে আমি মনে করি, মেয়েরা আর পিছিয়ে থাকবে না। একদিন বাংলাদেশের মেয়েরাও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।’