আমাদের শরীর ঠিক রাখতে হলে কিছু বিষয় সব সময় নজরে রাখতে হয়। উচ্চতা অনুযায়ী ওজন বেশি না কম, সেটা যেমন হিসাবের মধ্যে রাখতে হবে, তেমনি নিয়ন্ত্রণে রাখতে হবে শরীরে মেদ। স্বাভাবিক চলাফেরার পাশাপাশি নিয়মিত সামান্য ব্যায়াম করলে এবং স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পরিমিত মাত্রায় খেলে সাধারণত শরীর নিয়ে আর চিন্তা থাকে না। কিন্তু সবকিছু ঠিক আছে কি না, সেটা জানার উপায় কী? এ বিষয়ে খুব সাধারণ তিনটি উপায় আমাদের আছে।
১. পেটের ও কটির অনুপাত (ওয়েস্ট টু হিপ রেশিও): শরীরের আকৃতি ঠিক রাখতে হবে। এ জন্য দৈর্ঘ্য মাপার একটি ফিতা দিয়ে পেটের নাভি বরাবর এবং কটির সবচেয়ে ফোলা অংশ বরাবর দুই অংশের মাপ নিই। পেটের মাপকে কটির মাপ দিয়ে ভাগ করি। অনুপাত যদি দশমিক ৮-এর চেয়ে বেশি হয়, তাহলে বুঝতে হবে পেটে মাত্রারিক্ত চর্বি জমা হচ্ছে। শরীরের জন্য এটা ক্ষতিকর। তার মানে খাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পরিশ্রমের কাজ ও ব্যায়াম করতে হবে।
২. ওজন ও উচ্চতার অনুপাত (বডি মাস ইনডেক্স, বিএমআই): যদিও আজকাল এই পরিমাপ শরীরের ভালো-মন্দ তথ্য পাওয়ার জন্য যথেষ্ট নয় বলে বিশেষজ্ঞদের অনেকে বলছেন, তা সত্ত্বেও একে একেবারে ফেলে দেওয়া যায় না। আমাদের উচ্চতার তুলনায় ওজন কতটা হলে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়, সে সম্পর্কে একটি ধারণা দেয় এই পরিমাপ। প্রথমে আমার ওজন কত কিলোগ্রাম, তা বের করি। এরপর দেখি উচ্চতা কত মিটার। এবার ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করি। যদি অনুপাত ১৮ দশমিক ৫ থেকে ২৫-এর মধ্যে থাকে, তাহলে চিন্তা নেই। এর বেশি হলে হৃদ্রোগ বা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি থাকে। বিএমআই অনুপাত বের করা কঠিন নয়। কম্পিউটারে গুগল অনুসন্ধানে গেলে বিএমআই ক্যালকুলেটর পাওয়া যাবে। সেখানে নির্দিষ্ট ঘরে ওজন ও উচ্চতার মান বসিয়ে অনুপাত বের করা যাবে। মুহূর্তের মধ্যেই আমি জানতে পারব আমার শরীর কতটা ঠিক আছে।
৩. কোমরের পরিমাপ: আমাদের যকৃৎ (লিভার), প্লিহা (স্প্লিন), হৃদ্যন্ত্র (হার্ট), বৃক্ক (কিডনি), ফুসফুস (লাঙ্গস) প্রভৃতি প্রয়োজনীয় অঙ্গগুলো সবই ঠিক কোমরের ওপরে রয়েছে। শরীরের এই অংশের ওজন বেশি বেড়ে গেলে শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গগুলোর ওপর চাপ বেশি পড়ে। হার্ট-লাংগস-কিডনি প্রভৃতি ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে শরীরে একের পর এক সমস্যা দেখা দেয়। তাই অন্তত এই অংশের ওজন বাড়তে দেওয়া যাবে না। কিন্তু আলাদাভাবে এই অংশের ওজন বের করা কঠিন। তাই পরোক্ষভাবে একটি পরিমাপ নিতে হয়। কোমর বেশি বেড়ে গেলে বুঝতে হবে ওই অংশের ওজন বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কত বড় হলে বেশি বড় বলব? স্বাস্থ্য বিশেষজ্ঞদের হিসাব হলো, ছেলেদের জন্য কোমরের মাপ ৯৪ সেন্টিমিটারের নিচে ও মেয়েদের জন্য ৮০ সেন্টিমিটারের নিচে রাখতে হবে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট, এশিয়া, ফেব্রুয়ারি ২০১৫