শরীর-মন ঠিক রাখতে দলবেঁধে হাঁটুন

শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে চান? বাড়াতে চান মনোবল? তাহলে দলবেঁধে হাঁটুন। বিশেষজ্ঞদের মতে, শরীর ও মনোবল চাঙা রাখার এটাই সবচেয়ে সহজ উপায়।
এ ব্যাপারে চালানো এক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এমনটা দাবি করা হচ্ছে। এ নিয়ে গতকাল সোমবার ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন সাময়িকীতে একটি নিবন্ধ প্রকাশিত হয়।
ওই নিবন্ধের তথ্যের বরাত দিয়ে আজ এএফপির খবরে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৪২টি প্রকাশনার ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছান।
যুক্তরাজ্যের অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সমীক্ষা পরিচালনা করেন। এতে দলবেঁধে নিয়মিত হাঁটা লোকজনের খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণে নিয়ে আসা হয়। এসব মানুষ প্রতিদিন ঘণ্টা খানেকের কিছু কম সময় ধরে নিয়মিত হেঁটেছেন।
গবেষকদের তথ্যমতে, দলবেঁধে যাঁরা হাঁটেন, তাঁরা এটাকে উপভোগ করেন। এভাবে নিয়মিত এক ঘণ্টা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এতে করে উচ্চ রক্তচাপ, মেদ ও কোলেস্টরলের ঝুঁকি এড়ানো যায়। একই সঙ্গে হতাশাও কমে। ফুসফুস ও হৃদযন্ত্রও ভালো থাকে। এমনকি রক্তের শর্করার পরিমাণও এতে করে কমে যায়।
দীর্ঘ সময় বসে কাজ করতে হয় এমন ব্যক্তিদের জন্য এরকম হাঁটা খুব উপকারী। ১৪টি দেশের প্রায় দুই হাজার লোকের কাছ থেকে অনলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ওই গবেষণা পরিচালিত হয়।
গবেষণার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা হাঁটা শুরু করার আগে ও পরে একদল লোকের ওপর জরিপ চালিয়ে এ তথ্য বের করেন। গবেষণায় দেখা যায়, দলবেঁধে হাঁটলে দীর্ঘদিন স্বাস্থ্য ভালো রাখা যায়। এভাবে যারা হাঁটেন, তাঁরা ডায়াবেটিস, গেঁটেবাত, মানসিক অবসাদ, স্থূলতা ও পারকিনসনসের মতো রোগও এড়াতে পারেন।