শরীর মুড়িয়ে ব্যায়াম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাপড় দিয়ে শক্ত করে সারা শরীর বেঁধে রাখতে হয়। প্রতিবার প্রায় ২০ মিনিট করে। এটা একধরনের ব্যায়াম। নাম ওতোনামাকি। জাপানে এটা মোটামুটি প্রচলিত। শরীরের জড়তা বা আড়ষ্টভাব দূর করতে দেশটির লোকজন এই ব্যায়ামের প্রতি ঝুঁকছে।
ওতোনামাকির ধারণাটা এসেছে শিশুদের আস্ত কাপড়ে মুড়িয়ে রাখার প্রচলন দেখে। জাপানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখন লোকজনকে এই ব্যায়ামের সেবা দিচ্ছে। এ রকম একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি ওরি মাতসুও বলেন, শিশুরা কাপড়ে মোড়ানো অবস্থায় হাত-পা ছুড়তে চায়। কিন্তু তাতে তাদের বিকাশে কোনো বিঘ্ন ঘটে না। এটা দেখে মনে হয়, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও এ রকম অবস্থায় স্বাস্থ্যসুবিধা পেতে পারেন। এখন পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তাঁদের অনেকে এই ব্যায়াম করে ভালো লাগার অনুভূতি জানিয়েছেন।    
৪০ বছর বয়সী এক ব্যক্তি এই অভিজ্ঞতা নেওয়ার পর বলেছেন, নিজেকে কোঁকড়ানো মনে হলেও খুব বেশি চাপ লাগেনি। বরং উল্টোটাই মনে হয়েছে। এই ব্যায়াম করে তাঁর কাঁধ ও পিঠে আরাম লেগেছে।

তবে সবাই যে ইতিবাচক মন্তব্য করেছেন, তা নয়। টুইটারে এক গ্রাহক লিখেছেন, তাঁর ভয় লাগছিল। একেবারে না কুঁজো হয়ে যান।

জাপানের সুপরিচিত ধাত্রী নোকুকো ওয়াতানাবে প্রথম ওতোনামাকি চালু করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যায়ামের অনুশীলন করলে পশ্চাদ্দেশ, পা এবং কাঁধের মাংসপেশি অনেক বেশি শিথিল হয়।

২০১৫ সালে প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যায়ামের প্রচলন হয় জাপানে। এরপর থেকে প্রায় ৭০ জন ব্যক্তি একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নেন। তবে ব্যাপক পর্যায়ে এটির চর্চা শুরু হতে আরও সময় লাগতে পারে। জাপানিজ হোলিস্টিক ক্লিনিকের পরিচালক শিম্পেই ফুকুমোতো বলেন, তিনি কখনো এ রকম ব্যায়ামের নাম শোনেননি। তিনি বুঝতে পারছেন, এটা করলে কী হয়। কিন্তু ঐতিহ্যবাহী ফিজিওথেরাপিতে এমন ওতোনামাকির উল্লেখ নেই।

হলমার্ক ফিজিওথেরাপির জ্যেষ্ঠ বিশেষজ্ঞ বিশ্বনাথন রবি বলেন, ‘আমি এই চিকিৎসাপদ্ধতির ঘোর বিরোধী। যেভাবে তারা মানুষকে কাপড়ে শক্ত করে মোড়ায়, তাতে মাংসপেশির দীর্ঘমেয়াদি ক্ষতি পর্যন্ত হতে পারে। কেউ এভাবে বাঁধা অবস্থায় আধা ঘণ্টা থাকলে মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত হতে পারে। তাই এমন চিকিৎসার পরামর্শ দেওয়া উচিত নয়।’