
ট্যাটু বা উল্কি একেবারেই নতুন কিছু নয়। তবে নতুন কথা হলো, এখনকার তরুণেরা অনেক বেশি আগ্রহী ট্যাটু করার প্রতি। একটা সময়ে খেজুর কাঁটা আর গাছের রস দিয়ে করা উল্কি করা হতো। সেই উল্কিই আজ ট্যাটুর আদলে এ দেশের তরুণ-তরুণীদের কাছে ধরা দিয়েছে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে।
ট্যাটু মোটামুটি দুই ধরনের। একটা স্থায়ী আরেকটা অস্থায়ী। অবশ্য অস্থায়ী ট্যাটুকে পাশ্চাত্যে ঠিক ট্যাটু বলে স্বীকৃতি দেওয়া হয় না। এগুলোকে বলা হয় এয়ারব্রাশ ট্যাটু। মোটামুটি এক-দুই মাসের মধ্যে সেগুলো উঠে যায়।
বাংলাদেশে ছয়-সাত বছর আগে থেকেই টুকটাক ট্যাটু করার চল শুরু হলেও পেশাদারভাবে ট্যাটু করা শুরু হয় ২০০৮ থেকে। ট্যাটুশিল্পী অলিন জানান, ট্যাটু করা তাঁর পেশা এখন। আরেক ট্যাটুশিল্পী ফুয়াদ শুরু করেন ২০০৯-এর শেষে। এ রকম আরও অনেকেই এখন ট্যাটু করাচ্ছেন। কেউ দোকান নিয়ে কেউবা ব্যক্তিগতভাবে বাসায়।
ট্যাটু করতে হলে
প্রথমেই জানতে হবে, ট্যাটু কেন করাচ্ছেন। এর ওপরেই নির্ভর করছে আপনার ট্যাটু কেমন হবে, কোথায় হবে। ট্যাটুশিল্পী ফুয়াদ বললেন, ‘শুধু করতে হবে বলে ট্যাটু না করাই ভালো। কারণ, ট্যাটু পরে ভালো না লাগলে সমস্যা। তখন আফসোস করে লাভ নেই। এ সময়ে ছেলে-মেয়ে উভয়ই আসে আমাদের কাছে।’ ডেভিড বেকহামের মতো, প্রেমিকার নামেও ট্যাটু করাতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রেমিকার বদল হলে ট্যাটু কিন্তু বদলানো যাবে না। আজকাল অবশ্য ট্যাটু বিশেষ লেজারের মাধ্যমে তুলে ফেলা যায়। কিন্তু সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি অস্ত্রোপচার। তাই ও পথে না যাওয়াই ভালো।
ট্যাটু করতে হলে প্রথমে আপনাকে সঠিক ট্যাটুশিল্পী নির্বাচন করতে হবে। আপনি কী রকম ট্যাটু চান, সেটা বললে শিল্পী নিজেই আপনাকে বিভিন্ন ডিজাইন দিতে পারেন। আবার আপনি নিজেও ডিজাইন ঠিক করতে পারেন। তবে এমন কিছু বিষয়ে ট্যাটু করা উচিত, যা আপনার জীবনের উল্লেখযোগ্য একটা অংশ অথবা স্মৃতি।
ট্যাটুশিল্পী ট্যাটু করতে কী কী জিনিস ব্যবহার করছেন, তা আগেই জেনে নিন। ট্যাটু করার আগে অবশ্যই দেখে নেবেন, সুইগুলো নতুন কি না, কালিটা ভালো মানের কি না, সবকিছুর মেয়াদ আছে কি না ইত্যাদি।
নর্থ সাউথের শিক্ষার্থী ফয়সাল আকবর বলেন, ‘বন্ধুরা আমরা একই রকম ট্যাটু করেছি। নিজেকে অন্যের চেয়ে আলাদা মনে হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, কালো, ধূসর, লাল, সবুজ ইত্যাদি রং সবাইকেই মানায়।’
এবার সবচেয়ে আদি প্রশ্ন, ব্যথা কেমন লাগবে? এটা নির্ভর করে আপনার সহ্যক্ষমতার ওপর। তবে শরীরের যেখানটায় মাংস বেশি সেখানে ব্যথা কম লাগবে। হাড় বা নার্ভের ওপরে ব্যথা বেশি লাগবে। তবে ফুয়াদ পরামর্শ দিলেন, ট্যাটু করানোর আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।
একই প্রশ্ন করা হয় হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক আফজালুর করিমের কাছে। তিনি বলেন, অস্থায়ী ট্যাটু করা যেতে পারে। তবে, স্থায়ী ট্যাটু করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ডায়াবেটিস, অ্যালার্জি, র্যাশ, উচ্চ রক্তচাপ থাকলে ট্যাটু না করানোই ভালো।
ট্যাটুর সুইগুলো একবারের বেশি ব্যবহারের নিয়ম নেই। মোটামুটি দুই থেকে তিন হাজার টাকায় আপনি ট্যাটু করাতে পারবেন। রং ও আয়তনের ওপর নির্ভর করে টাকা আরও বাড়তে পারে।
বিভিন্ন স্যালনেও অস্থায়ী ট্যাটু করা হয়। তবে সে ক্ষেত্রে কালির গুণগত মান নিশ্চিত করতে হবে। না হলে ত্বকের সংক্রমণ হয়ে যেতে পারে।