শরীর যখন পানিশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও পানিশূন্যতা হলে লবণসমৃদ্ধ পানি খাওয়াতে হবে
কারও পানিশূন্যতা হলে লবণসমৃদ্ধ পানি খাওয়াতে হবে

গরমে শরীর বেশি ঘামতে থাকে আর ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় পানি ও লবণ৷ অতিরিক্ত পানি হারিয়ে কখনো কখনো শরীর হয়ে পড়তে পারে পানিশূন্য৷ প্রচণ্ড গরমে বৈরী আবহাওয়ায় কাজ করতে গেলেও এমন হতে পারে৷ এ প্রসঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ৷ তিনি বলেন, গরমে সবচেয়ে বেশি সমস্যা হয় দুপুরে, যখন তাপমাত্রা খুব বেশি থাকে৷ এ সময় স্বাভাবিক কাজকর্ম করতে গিয়েও হঠাৎ পানিশূন্যতা হতে পারে৷ এ সমস্যার কারণে কেউ যে শুধু তৃষ্ণার্ত হবে বা চোখে অন্ধকার দেখবে তা-ই নয়, তাঁর কিডনি-বৈকল্য পর্যন্ত হতে পারে৷

কী করে বুঝবেন?

পানিশূন্যতার লক্ষণের মধ্যে রয়েছে প্রচণ্ড পিপাসা পাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, মাথা ঘোরানো, চোখে অস্পষ্ট দেখা ও প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া৷ মাথা ঘুরে রোগী পড়েও যেতে পারে৷ পানিশূন্যতায় রোগীর হৃৎপিণ্ডের গতিও বেড়ে যেতে পারে৷

পানিশূন্যতার আরও কারণ

প্রচণ্ড ঘাম হওয়া ছাড়াও পানিশূন্যতার অন্যান্য কারণের মধ্যে রয়েছে ডায়রিয়া ও খুব বেশি বমি হওয়া৷

হঠাৎ পানিশূন্যতায় করণীয়
যাদের প্রচণ্ড ঘামের কারণে পানিশূন্যতা হয়, তাদের অবশ্যই লবণসমৃদ্ধ পানি পান করতে হবে৷ এ ক্ষেত্রে শুধু পানি পান করলে আবার লবণ কমে যাওয়ার সমস্যাও হতে পারে৷ তাই লবণসমৃদ্ধ পানিই পান করতে হবে৷ খাওয়ার স্যালাইন দেওয়া যেতে পারে অথবা এক বোতল পানিতে এক চিমটি লবণ ও দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে সেই পানি পান করানো যেতে পারে৷ তবে পানির ঘাটতি মেটাতে পানি পান করতেই হবে বলে আবার অপরিশোধিত পানি পান করা যাবে না৷ কারণ, এর ফলে জন্ডিস, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে৷ এ ছাড়া সঙ্গে বমি বা ডায়রিয়া থাকলে সেটির চিকিৎসারও প্রয়োজন হতে পারে৷

হঠাৎ অজ্ঞান হয়ে গেলে
হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে শুইয়ে দিতে হবে৷ জ্ঞান ফিরে এলে তাকে পানি এবং লবণ-পানি খাওয়াতে হবে৷

কখন যাবেন চিকিৎসকের কাছে?
কারও যদি প্রস্রাবের পরিমাণ খুবই কমে যায় বা একেবারেই প্রস্রাব না হয়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে৷ আবার কেউ যদি ঘোরের মধ্যে চলে যায় বা কারও যদি প্রচণ্ড মাথা ঘোরায় অথবা শরীরের তাপমাত্রা যদি খুব বেশি বেড়ে যায়, তাহলেও চিকিৎসকের কাছে যেতে হবে৷

পানিশূন্যতা প্রতিরোধে করণীয়
বাড়ি থেকে বেরোনোর আগে প্রচুর পানি পান করুন৷ বাইরে গেলে ছাতা ব্যবহার করুন৷ দীর্ঘক্ষণ কড়া রোদে থাকবেন না৷ অপেক্ষাকৃত ছায়াযুক্ত স্থানে থাকতে চেষ্টা করুন৷ বাইরে বেশি সময় না থাকতে চেষ্টা করুন৷ কিছুক্ষণ পর পর পানি পান করুন৷ কখনোই প্রস্রাব আটকে রাখবেন না৷ গরমে অনেকেই ছোট হাতার জামা পরেন, তবে এ সময় আসলে ফুলহাতা জামা পরা উচিত৷

পানিশূন্যতা থেকে জটিলতা
পানিশূন্যতার কারণে কেউ হঠাৎ পড়ে গিয়ে আঘাত পেতে পারে৷ এর কারণে জীবননাশের আশঙ্কাও দেখা দিতে পারে৷ এ ছাড়া পানিশূন্যতার কারণে কিডনি-বৈকল্য, এমনকি হৃৎপিণ্ডে সমস্যাও হতে পারে৷
রাফিয়া আলম