
কাজের ব্যস্ততায় প্রতিদিন ব্যায়ামের সময় হচ্ছে না। ছুটির দিনে বেশি সময় ব্যায়াম করে পুরো সপ্তাহের প্রয়োজন পুষিয়ে নেব। তবে অনেকের এমন ধারণা সুস্বাস্থ্যের জন্য ততটা কার্যকর নয়। কেননা, শুধু ছুটির দিনের ব্যায়াম বলে কিছু নেই। তাই কষ্ট হলেও দৈনিক কিছুটা সময় ব্যায়াম করা উচিত।
ছুটির দিনে ব্যায়াম নিয়ে কথা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ রায়ের সঙ্গে। বললেন, সপ্তাহে এক দিন ব্যায়াম করে শরীর ঠিক রাখা সম্ভব নয়। সপ্তাহের অন্তত তিন থেকে পাঁচ দিন ব্যায়াম করতে হবে। আর তা ২০ মিনিটের বেশি সময় একটানা করতে হবে।
সবার আগে ব্যায়ামের উদ্দেশ্য ঠিক করতে হবে। যেমন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম আর খেলোয়াড়দের ব্যায়ামে পার্থক্য থাকবে।
প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সুস্বাস্থ্যের জন্য আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনের বেশ কয়েকটি পরামর্শের মধ্যে রয়েছে—সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে ঘাম ঝরানো হালকা অথবা সপ্তাহে তিন দিন ২০ মিনিট করে কঠোর কায়িক পরিশ্রম করা। আর বেসিক ফিটনেসের জন্য ব্যায়াম মানে অ্যারোবিক অ্যাক্টিভিটিস। এ রকম ব্যায়ামগুলো হচ্ছে সাঁতার, সাইকেল চালানো, দ্রুতলয়ে হাঁটা, দৌড়ানো, সিঁড়িতে ওঠানামা।
নারীদের অনেকে বলে থাকেন ‘আমরা সারা দিন কাজ করি, তাও ওজন কমে না।’ এ বিষয়ে দেবাশীষ রায় বলেন, ‘কাজ ও ব্যায়ামের মধ্যে পার্থক্য আছে। কাজ একটানা করা হয় না, ব্যায়াম একটানা করতে হবে। কাজ করলে ওজন কমবে না। অনেকে মনে করেন খেলাধুলা করলে ওজন কমবে। এটাও ঠিক নয়। খেলাও একটানা ব্যায়াম নয়।’
কোন ব্যায়াম করে কত ক্যালরি খরচ হবে তা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। দেবাশীষ বলেন, ‘ব্যায়ামের মাধ্যমে ক্যালরি খরচ নির্ভর করে ব্যক্তির ওজনের ওপর।’ হেলথ স্ট্যাটাসের ক্যালরি ক্যালকুলেটরের হিসাব অনুয়ায়ী, পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার একজন ৬৫ কেজি ওজনের প্রাপ্তবয়স্ক পুরুষ ২০ মিনিট সাঁতার কাটলে ১৩২, হাঁটলে ৬০ আর সাইকেল চালালে ১৮৯ ক্যালরি খরচ হয়। পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার একজন ৬৫ কেজি ওজনের প্রাপ্তবয়স্ক নারীও প্রায় একই ফল পেতে পারেন।
এখন স্বাস্থ্যসচেতন অনেকে জিমে গিয়ে ব্যায়াম করেন। নিজের শরীর ঠিক করতে বা বন্ধুবান্ধবের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে জিমে ভর্তি হন ঠিকই, কিন্তু কিছু দিনের মধ্যেই উৎসাহে ভাটা পড়ে। হুট করে জিম যেমন শুরু করা ঠিক নয়, তেমনি হুট করে ছেড়েও দেওয়া ঠিক নয়। নিয়ম মেনে চলতে হয় প্রতিটি ধাপ।
জিমে ভর্তি হওয়ার আগে অবশ্যই ভালো করে খোঁজখবর নিতে হবে। হয়তো বাড়ি কিংবা অফিসের আশপাশেই জিম আছে।
মিরপুরের নিউ পাওয়ার হাউস জিমের প্রশিক্ষক মো. নাসিম বলেন, ‘একজন ভালোমানের জিম ইন্সট্রাক্টর ছাড়া জিম শুরু করবেন না। ইন্সট্রাক্টর খাওয়া-দাওয়া, চলাফেরা সবকিছুর ছকে বাঁধা রুটিন দেবন।

যেখানে ওজন, শরীরের গঠন, উচ্চতা ইত্যাদি লেখা থাকবে এবং এটা আপনাকে নিয়মিত হালনাগাদ রাখতে হবে।’
ব্যায়াম ব্যাপারটা ধীরে ধীরে শরীরের সঙ্গে অভ্যস্ত করাতে হয়। শরীরকে ঠিক রাখার জন্যই ব্যায়াম করা। ব্যায়ামাগারে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভারী ব্যায়াম শুরু করা ঠিক নয়। প্রথমে হালকা ব্যায়াম করে নেওয়া উচিত যাকে ‘ওয়ার্মআপ’ বলা হয়। প্রতিবার ব্যায়াম শুরু করার আগে অবশ্যই ওয়ার্মআপ করে নিতে হবে। ব্যায়াম করতে গিয়ে শরীরের যেন ক্ষতি না হয়ে যায়, সবার আগে দরকার সেটা নিশ্চিত করা।
সব দিন একই সময়ে ব্যায়াম করা ভালো। যখন ভালো লাগল ব্যায়াম করে নিলাম, এটা ঠিক নয়। এটা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। ঢাকা শহরের বেশির ভাগ ব্যায়ামাগারে দুই বেলা ব্যায়াম করা যায়। সাধারণত সকাল সাড়ে ছয়টা থেকে দশটা আর বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত। তাই কর্মজীবী কিংবা শিক্ষার্থী যে কেউ নিজের সুবিধামতো সময়ে সকালে কিংবা সন্ধ্যায় ব্যায়ামাগারে ঘাম ঝরিয়ে নিতে পারেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সাজিদ ইফতেখার রহমান। কিছুটা মুটিয়ে পড়ায় ইদানীং নিয়মিত ব্যায়ামাগারে যাচ্ছেন। সাজিদ জানান, ‘বাসায় একা একা ব্যায়াম করা হয়ে উঠছিল না। জিমে অনেকে থাকে, গল্পও করা হয়। অফিস থেকে ফেরার পথে কিছুক্ষণ ব্যায়াম করে যাই।’
ব্যায়ামাগারগুলোতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে দৈনিক ভিত্তিতে ব্যায়াম করতে পারেন। তবে যাঁরা ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম করেন তাঁরা সাধারণত মাসিক ভিত্তিতে ভর্তি হন। গুলশানে ক্যালিফোর্নিয়া ফিটনেসের স্বত্বাধিকারী মো. শাকিরুল ইসলাম জানান, দৈনিক ভিত্তিতে অর্থ দিয়ে ব্যায়াম খরলে খরচ বেশি পড়ে যায়। মাসিক ভিত্তিতে ব্যায়ামারগুলোতে ভর্তি হওয়াই সাশ্রয়ী।