
ব্যস্ত জীবনে হাজারো সমস্যা। এর মধ্যে শরীরচর্চার জন্য সময় বের করা বেশ কঠিনই হয়ে পড়ে। শহুরে জীবনে শরীরচর্চাকেও নিয়মিত ছকে বেঁধে ফেলতে সম্প্রতি ঢাকায় পিলাটিস সেবা নিয়ে যাত্রা শুরু করল ইয়াসমিন বডি ফিটনেস সেন্টার। ভারতের বিখ্যাত পিলাটিস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালার ফ্র্যাঞ্চাইজি এটি।
পিলাটিস, নতুন ধারার এই কার্ডিও ব্যায়াম এখন বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জোসেফ পিলাটিস আহত সৈনিকদের নানা ধরনের শারীরিক কসরতের মাধ্যমে আবারও সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করতেন। ধারণা করা হয়, এখান থেকেই পিলাটিস এক্সারসাইজের জন্ম।

ইয়াসমিন বডি ফিটনেস সেন্টারের বাংলাদেশের স্বত্বাধিকারী নুদরাত করিম বললেন, ‘বাইরের অনেক দেশেই ঘোরাফেরার সুযোগ হয়েছে আমার। এসব জায়গায় দেখেছি খাবার, গোসল আর ঘুমের মতো শরীরচর্চার বিষয়টিও তাদের প্রতিদিনের কাজের অংশ। কিন্তু আমাদের দেশে এখনো এই অভ্যাস গড়ে ওঠেনি। যে কারণে একটু পরিশ্রমেই হাঁপিয়ে উঠি আমরা। পাশাপাশি পিঠের ব্যথা, কোমর ব্যথাসহ নানা ধরনের শারীরিক জটিলতা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে।’ এ কারণে অনেক দিন থেকেই নুসরাত করিমের ইচ্ছে ছিল একটা আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার গড়ে তোলার। এই ভাবনা থেকেই ঢাকায় যাত্রা শুরু করে ইয়াসমিন বডি ফিটনেস সেন্টার।

ইয়াসমিন করাচিওয়ালা অভিনেত্রী কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক তারকার ফিটনেস ট্রেইনার। তাঁরই প্রশিক্ষণপ্রাপ্ত চারজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এখানে দেওয়া হচ্ছে পিলাটিস সেবা। নিয়মিত বসে কাজ করার ফলে আমাদের মেরুদণ্ড কিছুটা বাঁকা হয়ে পড়ে। পিলাটিসের ব্যায়ামগুলো মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে। পাশাপাশি পিঠের ব্যথাও দূর করে। বডি টোনিংয়েও বেশ কার্যকর এই পিলাটিস।
ইয়াসমিন ফিটনেস সেন্টার ঘুরে দেখা গেল, প্রায় ৩ হাজার বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে এটি। আছে আন্তর্জাতিক মানের কার্ডিও এক্সারসাইজের যন্ত্রপাতি। বিল্ডিংয়ের স্থাপনাটা এমন, যার চারদিক জুড়ে দেখা মিলবে সবুজের। যাত্রাটা শুরু হয়েছিল শুধু মেয়েদের কথা চিন্তা করে। এখন ছেলেরাও জানাচ্ছে পিলাটিসের প্রতি তাদের আগ্রহের কথা। যে কারণে অল্প কয়েক দিনের মধ্যে ছেলেরাও এখানে পিলাটিস করতে পারবে। এখানে তিন ধরনের সেবা প্রদান করা হয়। ব্যক্তিগত, পার্টনার এবং গ্রুপ। আপনার পছন্দের ভিত্তিতে যেকোনো একটি সেবা বেছে নিতে পারেন। আপনি কোন সেবাটি নেবেন তার ওপর খরচ নির্ভর করবে। ঠিকানা: ইয়াসমিন বডি ফিটনেস সেন্টার, বাড়ি ৫০, ব্লক বি, রোড ২৩, বনানী, ঢাকা।